...|...|...

বিশ্ব

পাকিস্তানে সামরিক অভিযানে ভারতপন্থী ৭৪ সন্ত্রাসী নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১:০৪
Shares
পাকিস্তানে সামরিক অভিযানে ভারতপন্থী ৭৪ সন্ত্রাসী নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর চালানো এই অভিযানে ভারত–সমর্থিত ৭৪ সন্ত্রাসী নিহত হয়েছে। গত কয়েক দিনের অভিযানে প্রাণহানির এই ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার (১৩ নভেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। 

বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকা এবং খাইবার পাখতুনখাওয়ার মির আলী ও ওরাকজাই এলাকায় এসব গোয়েন্দাভিত্তিক অভিযান চালানো হয়।

আইএসপিআর জানায়, বেলুচিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৩ নভেম্বর থেকে কোয়েটা জেলার কুররাম এলাকায় ফিতনা আল-খাওয়ারিজ ও ফিতনা আল-হিন্দুস্তান গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে বড় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সন্ত্রাসীদের একাধিক আস্তানায় কার্যকরভাবে হামলা করা হয়। কয়েক দফা সংঘর্ষের পর ভারত-সমর্থিত ৩১ খাওয়ারিজকে হত্যা করা হয়েছে। এসব আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।’

এদিকে খাইবার পাখতুনখাওয়ার মির আলী ও ওরাকজাই এলাকায় গত ৪৮ ঘণ্টায় পৃথক গোয়েন্দা অভিযানে আরও ৪৩ ভারতপন্থী সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের হুমকি নির্মূল এবং তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এর অংশ হিসেবে মির আলী ও ওরাকজাই এলাকাতেও অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক এসব অভিযানে সেনারা সন্ত্রাসীদের একাধিক অবস্থান লক্ষ্য করে কার্যকরভাবে হামলা চালায়। তীব্র ও ব্যাপক গোলাগুলির পর মির আলীতে ভারত-সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজের ৩৫ সদস্যকে হত্যা করা হয়েছে। আর ওরাকজাইয়ে আটজন খাওয়ারিজ নিহত হয়েছে। এর ফলে এসব এলাকায় সক্রিয় খাওয়ারিজ নেটওয়ার্ক বড় ধরনের ধাক্কা খেয়েছে।’

সামরিক বাহিনী জানায়, অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক এবং ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসও (আইইডি) রয়েছে। এসব সামগ্রী ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছে আইএসপিআর।

বিবৃতিতে বলা হয়, ওই এলাকাগুলোতে আত্মগোপনে থাকা খাওয়ারিজ সদস্যদের নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে। ‘আজম-ই-ইস্তেহকাম’ পরিকল্পনার আওতায় নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চলবে। দেশের মাটি থেকে বিদেশি মদদপুষ্ট ও সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।