...|...|...

বিশ্ব

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ৫

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১৩
Shares
পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ৫

ছবি: সংগৃহীত

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৬ জন। দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে। নিখোঁজ রয়েছে ১৮ মাস বয়সী এক শিশু।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির রেলওয়ে কর্মকর্তারা জানান, করাচি থেকে পেশোয়ারগামী ‘রহমান বাবা এক্সপ্রেস’ ট্রেনটির ১৪টি বগি মুলতানের শের শাহ এলাকার কাছে লাইনচ্যুত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগিগুলো থেকে যাত্রীদের বের করে আনার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। সন্তানকে খুঁজে না পেয়ে শোকে ভেঙে পড়েছেন শিশুটির বাবা-মা।

রেলওয়ে কর্মকর্তারা প্রথমে চারজনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। পরে মৃতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়ায়। আহতদের মধ্যে অন্তত ৩৬ জনের চিকিৎসা চলছে।

এদিকে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিষ্কার ও মেরামতের কাজ চলছে, যাতে স্বাভাবিক ট্রেন চলাচল দ্রুত শুরু করা যায়। মুলতানের কমিশনার আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং উদ্ধার তৎপরতা জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।