পাকিস্তানের সিন্ধু প্রদেশের খায়েরপুর জেলায় নতুন তেল ও গ্যাসের মজুত আবিষ্কারের কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ওজিডিসিএল)। প্রাথমিক হিসাব অনুযায়ী, নতুন কূপটি থেকে প্রতিদিন প্রায় ১২ দশমিক ৮ মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনফুট প্রাকৃতিক গ্যাস এবং ১৭৫ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন সম্ভব হতে পারে।
বুধবার (১১ নভেম্বর) পাকিস্তান স্টক এক্সচেঞ্জে (পিএসএক্স) পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এ তথ্য জানিয়েছে ওজিডিসিএল।
সামা টিভির এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, খায়েরপুর জেলার ‘বিত্রিসম নর্থ ওয়েস্ট-১’ কূপে এই হাইড্রোকার্বন মজুতের সন্ধান পাওয়া গেছে। ‘লোয়ার গোরু ফরমেশন’ নামে পরিচিত ভূতাত্ত্বিক স্তরে খনন চালিয়ে তেল ও গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। অঞ্চলটি আগে থেকেই হাইড্রোকার্বন সম্পদের সম্ভাবনাময় এলাকা হিসেবে পরিচিত।
ওজিডিসিএলের তথ্য অনুযায়ী, কূপটি প্রায় ৩ হাজার ৭৩২ মিটার গভীরতা পর্যন্ত খননের পর মজুত নিশ্চিত করা হয়। প্রাথমিক উৎপাদন পরীক্ষায় প্রতিদিন ১২ দশমিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের পাশাপাশি প্রায় ১৭৫ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়ার সম্ভাবনা দেখা গেছে।
প্রতিষ্ঠানটির আশা, নতুন এই আবিষ্কার পাকিস্তানের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ বাড়াতে সহায়ক হবে। উৎপাদন শুরু হলে দেশটির প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেলের নিজস্ব উৎসে নতুন সংযোজন হবে।
ওজিডিসিএল আরও জানিয়েছে, কূপটি শিগগিরই জাতীয় গ্যাস নেটওয়ার্কের সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় সংযোগ সম্পন্ন হলে এখান থেকে উত্তোলিত গ্যাস সরাসরি জাতীয় সরবরাহব্যবস্থায় যুক্ত করা যাবে।
পিএসএক্সে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিত্রিসম নর্থ ওয়েস্ট-১’ কূপটির অপারেটর ওজিডিসিএল। প্রকল্পটিতে প্রতিষ্ঠানটির কার্যকর অংশীদারত্ব ৯৫ শতাংশ। বাকি ৫ শতাংশের মালিকানা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গভর্নমেন্ট হোল্ডিংসের।
নতুন আবিষ্কার ও কূপটির সম্ভাব্য প্রাথমিক উৎপাদনক্ষমতা সম্পর্কে বিনিয়োগকারী ও শেয়ারবাজারকে অবহিত করতেই এই তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ওজিডিসিএল।
প্রয়োজনীয় উৎপাদন ও সংযোগ কার্যক্রম শেষ হলে কূপটি থেকে নিয়মিত গ্যাস ও অপরিশোধিত তেল সরবরাহ সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।


