...|...|...

বিশ্ব

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, গর্ভবতী নারীসহ নিহত ১০

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৯
Shares
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, গর্ভবতী নারীসহ নিহত ১০

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু প্রদেশের থারপার্কার জেলায় এক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত এবং ৫ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও আছেন। 

বুধবার (২৮ অক্টোবর) রাতের শেষভাগে নাগোরপারকার তহসিলের দানো দানধাল গ্রামের একটি স্বাস্থ্যকেন্দ্রে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ‘দ্য এক্সপ্রেস ট্রিব্রিউন’-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর থারপার্কার অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে স্বাস্থ্যকেন্দ্রে এক রোগীকে অ্যাম্বুলেন্সে তোলার সময় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, সিলিন্ডার বিস্ফোরণের পরপরই পুরো অ্যাম্বুলেন্সে মুহূর্তে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মিঠী ও নাগোরপারকার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আহতদের মধ্যে স্বাস্থ্যকেন্দ্রের কয়েকজন স্টাফও রয়েছেন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নিহতদের লাশ চেনার উপায় না থাকায় স্থানীয় কর্তৃপক্ষ মৃতদের পরিচয় শনাক্তকরণের কাজ শুরু করেছে।

ঘটনার খবর পাওয়ার পরপরই নাগোরপারকার তহসিল প্রশাসনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইরাম করিম, রেসকিউ ১১২২-এর কর্মী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, অবকাঠামোগত দুর্বল ব্যবস্থাপনা, বেপরোয়া গাড়ি চালনা, ট্রাফিক আইনের শিথিল প্রয়োগ এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা সচেতনতার অভাবে পাকিস্তানে নিয়মিত সড়ক ও পরিবহন দুর্ঘটনা ঘটে থাকে।