...|...|...

বিশ্ব

পাকিস্তানের জ্বালানি খাতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা সৌদির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০৭
Shares
পাকিস্তানের জ্বালানি খাতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা সৌদির

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জ্বালানি অবকাঠামো উন্নয়নে প্রায় ৩ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে চুক্তি করেছে সৌদি আরবের জ্বালানি প্রতিষ্ঠান ডেল্টা এনার্জি সৌদি। এ লক্ষ্যে পাকিস্তানের ইন্টার স্টেট গ্যাস সিস্টেমসের (আইএসজিএস) সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুই প্রতিষ্ঠানের যৌথ বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পনার আওতায় পাকিস্তানের পশ্চিম সীমান্ত দিয়ে একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মাণের সম্ভাবনা যাচাই করা হবে। পাইপলাইনটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী গোয়াদর পর্যন্ত বিস্তৃত হতে পারে।

পাশাপাশি পাকিস্তানের পূর্ব সীমান্ত পর্যন্ত পাইপলাইন সম্প্রসারণ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) অবকাঠামো, গ্যাস প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণাগার এবং রপ্তানি টার্মিনাল নির্মাণের সম্ভাবনাও বিবেচনা করা হবে।

পরিকল্পনায় আফগানিস্তান সীমান্তবর্তী চামান থেকে পাকিস্তানের ভেতর দিয়ে ভারতের ফাজিলকা সীমান্ত পর্যন্ত একটি গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয়ও রয়েছে। তবে এটি বাস্তবায়নে পাকিস্তান ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা এবং চুক্তির প্রয়োজন হবে।

গ্যাস সরবরাহের সম্ভাব্য উৎস হিসেবে আফগানিস্তানের কাশক গ্যাসক্ষেত্রসহ দেশটির অন্যান্য প্রাকৃতিক গ্যাস সম্পদকে বিবেচনা করছে ডেল্টা এনার্জি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই পরিকল্পনা তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত (টাপি) গ্যাস পাইপলাইন প্রকল্প থেকে সম্পূর্ণ আলাদা।

তবে চুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাইয়ের কাঠামো তৈরি করেছে মাত্র। এখনো বিনিয়োগ, অর্থায়ন কিংবা নির্মাণকাজ শুরুর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।