একনেক (ECNEC) কর্তৃক অনুমোদিত বহুল প্রত্যাশিত পদ্মা ব্যারেজ প্রকল্পের কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর-বাহাদুরপুর এলাকায় প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) পাংশা উপজেলার হাবাসপুর-বাহাদুরপুর অঞ্চলে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ এবং রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে হাবাসপুর কেরাজ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন মন্ত্রী, উপদেষ্টাসহ আমন্ত্রিত অতিথিরা। জনসভায় তারা এলাকার সম্ভাব্য উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ কোন কোন ক্ষেত্রে উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে, সে বিষয়ে বক্তব্য তুলে ধরেন অতিথিরা।
এ সময় তারা পদ্মা ব্যারেজ নির্মাণের প্রস্তাবিত এলাকা ঘুরে দেখেন এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন।
পদ্মা ব্যারেজ প্রকল্পটি একনেকে অনুমোদনের পর প্রকল্পের কার্যক্রম দ্রুত শুরু করার উদ্যোগ হিসেবে এই স্থান পরিদর্শন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্প বাস্তবায়িত হলে রাজবাড়ীর পাংশাসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন, নদী ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন।


