...|...|...

জাতীয়

আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

হবিগঞ্জ সদর হাসপাতালের এক চিকিৎসককে স্থায়ী বরখাস্তের নির্দেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, রাত ১০:১৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৪৭
Shares
হবিগঞ্জ সদর হাসপাতালের এক চিকিৎসককে স্থায়ী বরখাস্তের নির্দেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

পূর্ব ঘোষণা ছাড়াই হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ঝটিকা পরিদর্শনে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। এ সময় রোগী ও স্বজনদের সাথে কথা বলে হাসপাতালের চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা ও নানা অনিয়মের বিষয়ে সরাসরি খোঁজ নেন মন্ত্রী।

পরিদর্শনের সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় হাসপাতালের ফার্মাসিস্ট রিগান হোসেনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম তাকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করেন।

এ ছাড়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় হবিগঞ্জ সদর হাসপাতালের সাময়িক বরখাস্তকৃত মেডিক্যাল অফিসার ডা. মেহেদী হাসানকে স্থায়ীভাবে বরখাস্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

হাসপাতাল পরিদর্শনের সময় রোগীদের স্বজনরা চিকিৎসাসেবার মান, ওষুধ সংকট, প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি এবং দালালদের দৌরাত্ম্যসহ নানা অভিযোগ তুলে ধরেন। মন্ত্রী তাদের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও রোগীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে কোনো রোগী বা স্বজন যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্য খাত অবহেলার শিকার হয়েছে। হাসপাতালের পুরোনো যন্ত্রপাতি, চিকিৎসক সংকট ও অব্যবস্থাপনা দূর করতে সরকার কাজ করছে।