...|...|...

খেলা

পাঁচ হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞা নেই মেসির, খেলবেন পরের ম্যাচে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, সকাল ১০:২৯ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫০
Shares
পাঁচ হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞা নেই মেসির, খেলবেন পরের ম্যাচে

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) পাঁচটি হলুদ কার্ড দেখার পরও এক ম্যাচের নিষেধাজ্ঞা এড়িয়েছেন লিওনেল মেসি। লিগের ‘গুড বিহেভিয়ার’ বা সুআচরণ নীতির সুবিধা পাওয়ায় আপাতত শাস্তির মুখে পড়তে হচ্ছে না ইন্টার  মিয়ামি অধিনায়ককে। ফলে দলের পরবর্তী ম্যাচে মাঠে নামতে তার কোনো বাধা নেই।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে হলুদ কার্ড দেখেন মেসি। ম্যাচের ৪৪ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার স্যামুয়েল গুইডিকে ফাউল করলে রেফারি তাকে কার্ড দেখান। রেফারির সিদ্ধান্তে মেসি যে অসন্তুষ্ট হয়েছিলেন, তা তার শারীরিক অভিব্যক্তিতেই স্পষ্ট হয়ে ওঠে।

চলতি মৌসুমে এর আগে কলোরাডো র‍্যাপিডস, অরল্যান্ডো সিটি, ন্যাশভিল ও আটলান্টার বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন আর্জেন্টাইন এই তারকা। সাধারণ নিয়মে পাঁচটি হলুদ কার্ড জমা হলে একজন খেলোয়াড়কে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। তবে এমএলএসের বিশেষ ‘গুড বিহেভিয়ার’ নীতির কারণে সেই শাস্তি এড়ানোর সুযোগ পেয়েছেন মেসি।

মূলত মাঠে শৃঙ্খলাপূর্ণ আচরণে উৎসাহ দিতে এই নিয়ম চালু করেছে এমএলএস। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় টানা পাঁচ বা তার বেশি ম্যাচ হলুদ কার্ড না দেখে খেলতে পারলে তার আগের কার্ডের হিসাব থেকে একটি বাদ দেওয়া হয়। অর্থাৎ, নির্দিষ্ট সময় কার্ডমুক্ত থাকতে পারলে আগের হলুদ কার্ডের সংখ্যা কমে যায়।

তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতাও রয়েছে। পুরো মৌসুমে একজন খেলোয়াড় সর্বোচ্চ তিনবার এই সুবিধা নিতে পারেন। নির্ধারিত সুযোগগুলো শেষ হয়ে গেলে পরবর্তী সময়ে টানা কার্ডমুক্ত ম্যাচ খেললেও আর হলুদ কার্ডের হিসাব থেকে কোনো কার্ড বাদ যাবে না।

মেসি চলতি মৌসুমে এরই মধ্যে দুবার এই নিয়মের সুবিধা পেয়েছেন। অরল্যান্ডো সিটি ও ন্যাশভিলের মধ্যবর্তী সময়ে টানা পাঁচ ম্যাচ হলুদ কার্ড না দেখে খেলেছিলেন তিনি। একইভাবে দ্বিতীয়বার কার্ড পাওয়ার পর আটলান্টার বিপক্ষে পরবর্তী কার্ড দেখার আগে কেটে যায় ১০ ম্যাচ।

এই দুই দফায় কার্ডের হিসাব কমে যাওয়ায় সিনসিনাটির বিপক্ষে হলুদ কার্ড দেখার পরও মেসির কার্যকর কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। ফলে পাঁচ কার্ডের সীমা পূর্ণ হয়নি তার।

এ কারণে রবিবার নিয়মিত মৌসুমের ৩৩তম ম্যাচে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে ইন্টার মিয়ামির হয়ে খেলতে পারবেন মেসি।