ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর সাথে হুথি বিদ্রোহীদের তীব্র সংঘর্ষে অন্তত আট সেনা নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় লাহিঞ্জ প্রদেশে এই প্রাণহানির ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সরকারের পক্ষ থেকে ফেসবুক পেজে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, আল-মাকাতিরাহ ফ্রন্টে লড়াই করতে গিয়ে ওই ‘বীর’ সেনারা প্রাণ হারিয়েছেন। তবে বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এই ঘোষণার পর ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করেছে যে, তারা দক্ষিণাঞ্চলীয় তাইজ জেলার আল-আকৌরদ এলাকায় পাল্টা অভিযান চালিয়ে ১২ জন হুথি যোদ্ধাকে হত্যা করেছে।


