...|...|...

বিশ্ব

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবীর গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫১ | আপডেট: ৬ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪৭
Shares
পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবীর গ্রেফতার

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের মধ্যেই গ্রেফতার হয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা ও বিধায়ক হুমায়ুন কবীর। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের মূল উদ্যোক্তা হিসেবে পরিচিত এই নেতাকে আইন ভাঙার অভিযোগে গ্রেফতার করেছে জেলা পুলিশ। 

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোট চলাকালে বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের প্রভাবিত করা এবং পুলিশের ওপর হামলায় উসকানি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর রেজিনগরে এজেইউপির দলীয় কার্যালয়ে গিয়ে তাঁকে আটক করে পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। পরে তাঁকে পুলিশের গাড়িতে তুলে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়। 

বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা আনন্দজিৎ হোড় বলেন, ‘হুমায়ুন কবীর আইন ভেঙেছেন, তাই তাকে আটক করা হয়েছে। পর্যাপ্তসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’ 

পরবর্তী সময়ে হুমায়ুনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা। তবে তখন বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে গ্রেফতারের সময়কার পরিস্থিতি ও পুরো ঘটনাক্রম জানতে জেলা নির্বাচনী কর্মকর্তার কাছে প্রতিবেদন তলব করেছে নির্বাচন কমিশন। 

গত বছরের শেষ দিকে মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন হুমায়ুন কবীর। এই উদ্যোগ ঘিরে বিতর্কের মধ্যে তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এরপর তিনি নতুন রাজনৈতিক দল গড়ে তোলেন, যা পরবর্তী সময়ে আম জনতা উন্নয়ন পার্টি নামে পরিচিতি পায়।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নিজের দলের প্রার্থী হয়ে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর—দুই আসনেই জয় পান হুমায়ুন। পরে নওদার বিধায়ক পদ রেখে রেজিনগর আসনটি ছেড়ে দেন তিনি। তাঁর ছেড়ে দেওয়া সেই আসনেই মঙ্গলবার উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।