...|...|...

লাইফস্টাইল

পরিবারে ডায়াবেটিস থাকলেও ঝুঁকি কমাতে মেনে চলুন ৬ অভ্যাস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০৬
Shares
পরিবারে ডায়াবেটিস থাকলেও ঝুঁকি কমাতে মেনে চলুন ৬ অভ্যাস

ছবি: সংগৃহীত

পরিবারের বাবা-মা, ভাই-বোন কিংবা নিকটাত্মীয়ের ডায়াবেটিস থাকলে অন্য সদস্যদেরও এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। তবে পারিবারিক ইতিহাস থাকলেই যে ডায়াবেটিস হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে পারলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

ডায়াবেটিসের পেছনে বংশগত কারণের পাশাপাশি জীবনযাপনেরও বড় ভূমিকা রয়েছে। একই পরিবারের সদস্যদের মধ্যে খাবারের অভ্যাস, শারীরিক পরিশ্রম, ঘুম ও দৈনন্দিন রুটিনে মিল থাকায় ঝুঁকিও বাড়তে পারে। এ ছাড়া পেটের অতিরিক্ত মেদ, কায়িক পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অপর্যাপ্ত ঘুম, ধূমপান এবং পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) টাইপ-২ ডায়াবেটিসের আশঙ্কা বাড়ায়।

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে যে ৬ অভ্যাস গড়ে তুলবেন

১. নিয়মিত হাঁটুন: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন। নিয়মিত হাঁটাচলা শরীরের ইনসুলিন ব্যবহারের কার্যকারিতা বাড়াতে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে।

২. পেশির শক্তি বাড়ানোর ব্যায়াম করুন: সপ্তাহে অন্তত দুই দিন পেশির শক্তি বৃদ্ধির ব্যায়াম করার চেষ্টা করুন। এ ধরনের শরীরচর্চা রক্তে গ্লুকোজ ব্যবহারে সহায়তা করে।

৩. চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন: কোমল পানীয়, অতিরিক্ত চিনিযুক্ত জুস ও মিষ্টি পানীয়ের পরিবর্তে পানি পান করুন। পাশাপাশি পরিশোধিত ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কমিয়ে আনুন।

৪. সুষম খাবার খান: প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ডাল, প্রোটিন ও গোটা ফল রাখুন। খাবারের বৈচিত্র্য বজায় রাখুন এবং অতিরিক্ত চিনি ও পরিশোধিত শর্করা গ্রহণ কমান।

৫. পর্যাপ্ত ঘুমান: শরীর সুস্থ রাখতে নিয়মিত ও পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ঘুমের অনিয়ম শরীরের বিপাকীয় কার্যক্রম ও রক্তে শর্করার নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

৬. তামাক বর্জন করুন: ধূমপান ও অন্যান্য তামাকজাত দ্রব্য ব্যবহারের অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। তাই এসব পণ্য থেকে দূরে থাকুন।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসের ঝুঁকি কমাতে একসাথে সব অভ্যাস পরিবর্তন করার প্রয়োজন নেই। বরং দৈনন্দিন জীবনে ধীরে ধীরে স্বাস্থ্যকর অভ্যাস যুক্ত করা এবং সেগুলো নিয়মিত অনুসরণ করাই গুরুত্বপূর্ণ।

এদিকে পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোও জরুরি। কারণ প্রি-ডায়াবেটিস ও ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে অনেক সময় দৃশ্যমান কোনো উপসর্গ থাকে না। ফাস্টিং ব্লাড গ্লুকোজ, এইচবিএ১সি অথবা ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষার মাধ্যমে রক্তে শর্করার অবস্থা জানা যায়।

বিশেষ করে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মানুষের তুলনামূলক কম ওজনেও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি থাকতে পারে। তাই শুধু ওজনের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত।