...|...|...

সারাদেশ

নড়াইলে দুই দিনব্যাপী জাতীয় নারী নৌকাবাইচ ও সাংস্কৃতিক উৎসব

নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, রাত ৩:৪৮
Shares
নড়াইলে দুই দিনব্যাপী জাতীয় নারী নৌকাবাইচ ও সাংস্কৃতিক উৎসব

নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। ছবি: টাইমস টুডে

নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরা এবং গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে নড়াইলে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী ‘জাতীয় নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প’। আগামী ৬ ও ৭ নভেম্বর নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া এলাকায় এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে ৭ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে নারীদের নৌকাবাইচ।

উৎসবের আয়োজন, উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরতে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৫টায় নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক) ও অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা গনী উল আজম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (বিক্রয় উন্নয়ন ও জনসংযোগ) মোহাম্মদ এহসানুল কবীর, স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের অ্যাকাউন্ট ডিরেক্টর শাহ হাসিবুর রহমান এবং অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস। এ সময় নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হবে। এতে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা থাকবে। পাশাপাশি বিকেল থেকে রাত পর্যন্ত চলবে সংগীত, নৃত্য ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবের পাওয়ার্ড বাই পার্টনার গ্লোবাল মেডিক্লাউড (বিডি) লিমিটেড এবং স্পন্সর হিসেবে রয়েছে টি. কে. গ্রুপ।

সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর, ইউনিকো হসপিটালস, এটুআই, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। উৎসবটি বাস্তবায়ন করছে অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্র ও স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।

আয়োজকরা জানান, গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করা, পর্যটন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, লোকজ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা পরিচিত করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও সামাজিক কল্যাণে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

তাদের প্রত্যাশা, নারীদের অংশগ্রহণে এ নৌকাবাইচ ও সাংস্কৃতিক উৎসব নড়াইলের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি এবং পর্যটন সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে নতুন দিগন্ত উন্মোচন করবে।