নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভে নরওয়ের বিরুদ্ধে আবারও বিষোদ্গার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইউরোপের এই উন্নত দেশটিকে ‘জঘন্য দেশ’ হিসেবে আখ্যা দেওয়ার পাশাপাশি সেখান থেকে আসা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আর স্বাগত জানানো হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, রবিবার (২৫ অক্টোবর) মিশিগান অঙ্গরাজ্যের পোর্ট হুরনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন ট্রাম্প। আগামী সপ্তাহের মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়েছিল।
জনসভায় ফ্রান্সে সাম্প্রতিক অস্থিরতার পেছনে অভিবাসনকে দায়ী করে ট্রাম্প বলেন, 'আমি নোবেল পুরস্কার পাইনি... তাই নরওয়ে থেকে কাউকেই যুক্তরাষ্ট্রে চাই না।' একই সাথে নরওয়েকে একটি ‘জঘন্য দেশে’ রূপ নিয়েছে বলে কটূক্তি করেন তিনি।
এর আগে হাইতি, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোর ক্ষেত্রেও তিনি অনুরূপ অবমাননাকর শব্দ ব্যবহার করেছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর নরওয়ের রাজধানী অসলো থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। চলতি মাসের শুরুতেও এই পুরস্কার না পেয়ে নরওয়ের তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প। তবে নরওয়ের অভিবাসীদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নতুন কোনো সরকারি নিষেধাজ্ঞা জারি হচ্ছে কি না, সে বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নীতিগত ঘোষণা দেওয়া হয়নি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশ হলো নরওয়ে। দেশটির সার্বভৌম সম্পদ তহবিল ২০২৬ সালের প্রথম ছয় মাসেই রেকর্ড ১৮৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের মুনাফা অর্জন করেছে। ট্রাম্পের এমন আপত্তিকর মন্তব্যের বিষয়ে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা নোবেল কমিটির তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


