নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) ক্যাশলেস ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও ইউসিবির ফিনটেক প্ল্যাটফর্ম ‘উপায়’-এর সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর ) রাজধানীর গুলশানে ইউসিবির করপোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ সময় উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ, নোবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমিউনিকেশন অফিসার জিশান কিংশুক হক এবং কুমিল্লা–নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ শফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সমঝোতা স্মারকে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। ইউসিবির পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের এসইভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং প্রধান শাহবাজ তালাত, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশন প্রধান মোহাম্মদ শফিকুর রহমান এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোহান।
চুক্তির আওতায় নোবিপ্রবিতে ডিজিটাল টিউশন ও ফি সংগ্রহ, শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীদের পে-রোল ব্যাংকিং সেবা এবং ইউসিবির ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম ও উপায়-এর মাধ্যমে কালেকশন সল্যুশন চালু হবে।
পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কিউআর কোডভিত্তিক পেমেন্ট, ইএমএস-ইন্টিগ্রেটেড সফটওয়্যার ব্যবস্থা, কার্ড ও কিউআর পেমেন্টসহ পূর্ণাঙ্গ ইন্টারনেট ব্যাংকিং সুবিধা প্রদান করা হবে।
এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা ও তহবিল ব্যবস্থাপনা আরও সহজ হবে। এর ফলে নোবিপ্রবিকে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাস ও ডিজিটালি সক্ষম বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং স্বচ্ছ, নিরাপদ ও স্বয়ংক্রিয় আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

