...|...|...

বিশ্ব

নেপাল-তিব্বত সীমান্তে বাঁধ উপচে নতুন বন্যার আশঙ্কা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, দুপুর ২:২৭ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, সকাল ৯:৫২
Shares
নেপাল-তিব্বত সীমান্তে বাঁধ উপচে নতুন বন্যার আশঙ্কা

নেপাল-তিব্বত সীমান্তে নতুন বন্যার আশঙ্কা। ছবি: সংগৃহীত

হিমালয় সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার দুদিনের মাথায় নেপাল-তিব্বত সীমান্তে ধ্বংসাবশেষে তৈরি একটি প্রাকৃতিক বাধ হ্রদ উপচে পানি বের হতে শুরু করেছে। এতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় উদ্ধারকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

সংস্থাটি জানায়, নেপালের রাসুয়া জেলায় তৈরি হওয়া হ্রদটি প্রাকৃতিক বাধ অতিক্রম করে পানি ছাড়তে শুরু করেছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিও তিব্বত অংশে হ্রদটি উপচে পড়ার কথা জানিয়েছে।

নেপাল কর্তৃপক্ষ নতুন করে পানির প্রবাহ বাড়ার আশঙ্কায় পরবর্তী ৯০ মিনিটের জন্য উদ্ধার অভিযান বন্ধ রাখে। রাসুয়া জেলার জ্যেষ্ঠ কর্মকর্তা নরেন্দ্র পারিয়ার জানান, নদীর পানির স্তর আবার বাড়তে দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের উঁচু ও নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

একই সাথে ঝুঁকির কারণে চীনের উদ্ধারকারী দল ও যানবাহনকেও নিরাপদ এলাকায় সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে হ্রদের পানি উপচে পড়ায় পাহাড়ি এলাকায় দ্বিতীয় দফায় বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে বুধবার (২৬ আগস্ট) হিমালয় অঞ্চলে হিমবাহের একটি অংশ ধসে পড়ার পর বিপুল পরিমাণ পাথর, বরফ, কাদা ও ধ্বংসাবশেষ পাহাড়ি নদীপথে নেমে আসে। এতে নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। পরে ধ্বংসাবশেষ নদীর গতিপথ আটকে দেওয়ায় ওই এলাকায় প্রাকৃতিক বাধ হ্রদ তৈরি হয়।

রয়টার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালে এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। নেপাল ও তিব্বত মিলিয়ে এখনও প্রায় ১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নতুন করে হ্রদ উপচে পড়ায় আগের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আবারও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।