নেপালে আকস্মিক বন্যার কারণে আটকে পড়া ৯ বাংলাদেশি ট্রেকারকে উদ্ধার করে নিরাপদে কাঠমান্ডুতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, নেপালের গোর্খা জেলার চুম্নুব্রির জগত থেকে মানাসলু বেস ক্যাম্পে যাওয়ার পথে বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যার কারণে আটকা পড়েন ওই ৯ বাংলাদেশি ট্রেকার। পরে তাদের সময়মতো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার বিকেলে ট্রেকারদের নিরাপদে কাঠমান্ডুতে নিয়ে আসা সম্ভব হয়েছে। এ উদ্ধারকাজে দ্রুত সাড়া দেওয়া, মানবিক সহায়তা এবং সমন্বিত প্রচেষ্টার জন্য নেপাল সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস।
উদ্ধার অভিযানে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করে দূতাবাস জানায়, ট্রেকারদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে যারা কাজ করেছেন, তাদের সবার সহযোগিতা প্রশংসনীয়।
দূতাবাস আরও জানায়, এ উদ্ধারকাজ বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। দুই দেশের মধ্যে পারস্পরিক সংহতি ও সহযোগিতার এ দৃষ্টান্ত বিশেষ তাৎপর্য বহন করে।


