...|...|...

ময়মনসিংহ

নেত্রকোনায় ৬০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৩২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪৬
Shares
নেত্রকোনায় ৬০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নেত্রকোনায় ৬০০ পিস ইয়াবাসহ মো. খোকন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টা থেকে ৯টার মধ্যে একটি অভিযানিক দল হাসামপুর গ্রামে খোকন মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘর থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবাগুলো তিনটি কালো রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে ছিল। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৬০০ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৬০ গ্রাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হিসাবে এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

গ্রেফতার খোকন মিয়া নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল মালেক ও ললিতা বেগমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, এ ঘটনায় উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে খোকন মিয়ার বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নাজমুল হক জানান মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি মাদকবিরোধী অভিযানে সহযোগিতার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।