ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিতে ইয়াবা বহনের সময় ৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজি আটক করে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে সিএনজিতে থাকা পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. কবির হোসেন, জাহিদুল ইসলাম, হান্নান কাজী ওরফে রুবেল, আব্দুল্লাহ এবং সহিদ ভূঁইয়া। তাদের সবার বাড়ি বিজয়নগর থানার চানপুর এলাকায়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কবির হোসেনের বিরুদ্ধে আগে দুটি মাদক মামলা, আব্দুল্লাহর বিরুদ্ধে একটি এবং সহিদ ভূঁইয়ার বিরুদ্ধে একটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ রবিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।


