...|...|...

সারাদেশ

নেত্রকোণায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক নিহত

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সকাল ৯:০৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, সকাল ৯:০৭
Shares
নেত্রকোণায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক নিহত

ছবি: টাইমস টুডে

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে বিভিন্ন অনিয়ম, অপরাধ ও মাদক চোরাচালান নিয়ে লেখালেখি করতেন তিনি। তার গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে লুৎফুজ্জামান তেলনজিয়া বাজারের একটি চায়ের দোকানে ছিলেন। চা খেয়ে দোকান থেকে বের হয়ে বাসার দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেলনজিয়া বাজারের প্রত্যক্ষদর্শী চা-দোকানি রবিন রাংছা জানান, লুৎফুজ্জামান দোকান থেকে বের হওয়ার সময় দুই যুবক এসে প্রথমে সিগারেট চায়। এরপর তারা হঠাৎ তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, লুৎফুজ্জামানের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও আলামত সংগ্রহে পুলিশ কাজ করছে। এ জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এর আগে গত বছরের ১০ নভেম্বর দুপুরে দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা লুৎফুজ্জামানকে কুপিয়ে জখম করে। এ সময় তার সাথে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়।

প্রায় ছয় বছর আগে লুৎফুজ্জামান তেলনজিয়া গ্রামের আনন্দিতা সংমাকে বিয়ে করেন। এই দম্পতির চার বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।