...|...|...

বিশ্ব

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করায় ভারতে মেটার কার্যালয় ভাঙচুর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০
Shares
নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করায় ভারতে মেটার কার্যালয় ভাঙচুর

ছবি: সংগৃহীত

ভারতের হায়দরাবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে যুব কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ২০ জনকে আটক করে পুলিশ। তবে প্রায় তিন ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (২০ নভেম্বর) হায়দরাবাদের মাধাপুর এলাকায় মেটার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

যুব কংগ্রেসের অভিযোগ, বিরোধী দল কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ আটকে রাখা হয়েছে এবং দলটির বেশ কিছু পোস্টও সরিয়ে দিয়েছে মেটা। এর প্রতিবাদেই সংগঠনটির নেতাকর্মীরা সেখানে বিক্ষোভে অংশ নেন।

তেলেঙ্গানা রাজ্য যুব কংগ্রেসের সভাপতি শিব চরণ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এবং মেটা কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দিতে গিয়েছিলেন। তবে তাদের ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে পুলিশ তাদের আটক করে।

শিব চরণ আরও অভিযোগ করেন, মেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রেসের প্রচারণার ক্ষেত্রে বৈরী আচরণ করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীরা মেটার কার্যালয় চত্বরে ঢুকতে পারলেও মূল ভবনে প্রবেশ করতে পারেননি। এ সময় একটি ফুলের টব ভাঙার ঘটনা ঘটে। তবে মেটার পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের না করায় পুলিশও কোনো মামলা করেনি।

ভারতীয় যুব কংগ্রেসের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, হাতে প্ল্যাকার্ড নিয়ে একদল নেতাকর্মী মেটার কার্যালয়ের সামনে স্লোগান দিচ্ছেন। একপর্যায়ে একজন একটি ফুলের টব তুলে মাটিতে আছড়ে ভেঙে ফেলেন। এ সময় পুলিশ সদস্যদের তাকে থামানোর চেষ্টা করতে দেখা যায়।

আরেকটি ভিডিওতে মেটার কার্যালয়ের ক্যাফেটেরিয়ার মতো একটি স্থানে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। সেখানে উপস্থিত মেটার কর্মীরা বিস্মিত হয়ে তাদের কর্মকাণ্ড দেখছিলেন।

বিক্ষোভের পর যুব কংগ্রেস দাবি করেছে, কর্মসূচি শুরুর ১৫ মিনিটের মধ্যেই সংগঠনটির সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে মেটা।

এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে, যুব কংগ্রেস প্রশ্ন তুললে বিজেপি অস্বস্তিতে পড়ে এবং তাদের কণ্ঠ জোরালো হলে মেটা বেছে বেছে অ্যাকাউন্ট ও পোস্ট সরিয়ে দেয়। তবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরুদ্ধারের বিষয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।