...|...|...

খেলা

নেইমারের নতুন চুলের স্টাইল নিয়ে সমালোচনা, জবাব দিলেন ব্রাজিলিয়ান তারকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:২০
Shares
নেইমারের নতুন চুলের স্টাইল নিয়ে সমালোচনা, জবাব দিলেন ব্রাজিলিয়ান তারকা

নেইমার। ছবি: সংগৃহীত

ব্রাজিলের ফুটবলে এবার নেইমারকে ঘিরে আলোচনার বিষয় শুধু মাঠের পারফরম্যান্স নয়, তার নতুন চুলের স্টাইলও। সান্তোসের একাধিক খেলোয়াড়কে সাথে নিয়ে প্লাটিনাম ব্লন্ড বা বরফের মতো সাদা রঙে চুল রাঙিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে মাঠে দলের ব্যর্থতার পর খেলোয়াড়দের এমন সম্মিলিত সাজ নিয়ে সমর্থকদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে আত্মতুষ্টি ও অহংকারের বহিঃপ্রকাশ হিসেবেও দেখছেন।

সোমবার (২৩ নভেম্বর) ব্রাজিলিয়ান সিরি ‘আ’-এর ৩৬তম রাউন্ডে সাও পাওলোর মোরুমবিস স্টেডিয়ামে গ্রেমিওর মুখোমুখি হয় নেইমারের সান্তোস। ম্যাচটিতে ২-০ গোলে হেরে যায় স্বাগতিকরা। গ্রেমিওর হয়ে গোল করেন ফ্রান্সিস আমুজু ও মার্টিন ব্রেইথওয়েট।

ম্যাচের আগে নেইমারের পাশাপাশি গ্যাবিগোল, ফিলিপে কুতিনিও, রদিনেই ও আর্থারসহ সান্তোসের বেশ কয়েকজন ফুটবলার চুলের রং পরিবর্তন করেন। তাদের সবার প্রায় একই ধরনের প্লাটিনাম লুক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। কিন্তু মাঠের খেলায় প্রত্যাশিত ফল না আসায় নতুন এই সাজ নিয়েই শুরু হয় সমালোচনা।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘টেরা’র প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়দের এমন সম্মিলিত নতুন লুক নিয়ে সমর্থকদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, বড় কোনো সাফল্য ছাড়াই এভাবে নিজেদের সাজিয়ে তোলা দলের আত্মতুষ্টির ইঙ্গিত দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা ধরনের বিদ্রূপ ও নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়ে।

সান্তোসের অভ্যন্তরীণ পরিবেশ এবং নেইমারের প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন ইউওএল-এর ক্রীড়া বিশ্লেষক দানিলো লাভিয়েরি। তার আলোচনায় খেলোয়াড়দের একই ধরনের চুলের স্টাইলের বিষয়টিও উঠে এসেছে। ফলে বিতর্কটি এখন আর শুধু চুলের রং পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নেই; দলের মানসিকতা ও মাঠের পারফরম্যান্সও আলোচনায় এসেছে।

তবে সমালোচনায় বিচলিত নন নেইমার। ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি স্পষ্ট করেন, চুলের রং পরিবর্তনেরসাথে ফুটবল খেলার দক্ষতা কিংবা পারফরম্যান্সের কোনো সম্পর্ক নেই।

নেইমার বলেন, ‘চুলের রং কোনো কিছু পরিবর্তন করে না। আমি চুলে রং করেছি, কিন্তু এতে কিছুই বদলায়নি। সবাই আগেও চুলে রং করেছে। এরসাথে ফুটবলের কোনো সম্পর্ক নেই।’

সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘যারা এমন কথা বলছেন, তারা ফুটবল সম্পর্কে কিছুই বোঝেন না। তারা আমাদের প্রতিদিনের অনুশীলন, মানসিক চাপ কিংবা নিজেদের কাছে আমাদের জবাবদিহির বিষয়গুলো জানেন না।’

নিজের খেলার সামর্থ্য নিয়েও আত্মবিশ্বাসী নেইমার। তার মতে, চুলের রং হলুদ, গোলাপি কিংবা সবুজ যা-ই হোক না কেন, ভালো ফুটবল খেলতে সেটি কোনো বাধা হতে পারে না।

এদিকে গ্রেমিওর কাছে হারের ফলে লিগের পয়েন্ট তালিকায় গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখার চ্যালেঞ্জে পড়েছে সান্তোস। ৩৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান লিগের নবম স্থানে ছিল দলটি। ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে জায়গা করে নেওয়ার লক্ষ্য পূরণে বাকি ম্যাচগুলোতে ভালো ফল করা এখন তাদের জন্য অত্যন্ত জরুরি।

সব মিলিয়ে মাঠের বাইরের নতুন সাজ নিয়ে যতই আলোচনা-সমালোচনা হোক, সান্তোসের সামনে এখন মূল চ্যালেঞ্জ মাঠের খেলায় ঘুরে দাঁড়ানো। সমর্থকদের প্রত্যাশা, চুলের স্টাইল নয়, পারফরম্যান্স দিয়েই নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে নেইমাররা।