নীলফামারী শহর থেকে কয়েক কিলোমিটার বাইরে গেলে মাটির রঙ একটু অন্যরকম লাগে। কোথাও লালচে, কোথাও ধূসর, কোথাও আবার সাদা ঝুরো। স্থানীয় বয়োজ্যেষ্ঠরা বলেন, ‘এই মাটিই সাক্ষী, একসময় এখানে নীলের রাজত্ব ছিল।’
রাজত্ব মানে শুধু ফসল নয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল বাণিজ্য, কৃষকের কান্না, অত্যাচারী নীলকরের দাপট আর নিপীড়নের দীর্ঘ ইতিহাস। এখন সেই সময়ের অবশিষ্ট হিসেবে টিকে আছে ভাঙাচোরা কিছু নীলকুঠি, ধসে পড়া গুদামঘর, কিংবা মাটিচাপা চিমনির মুখ। কিন্তু এগুলোও দ্রুত হারিয়ে যাচ্ছে সময়ের ভাঁজে।
নীলফামারীর জলঢাকা, কিশোরগঞ্জ, ডোমার, সৈয়দপুর সব উপজেলাতেই ছড়িয়ে-ছিটিয়ে আছে ছোট-বড় অসংখ্য নীল কুঠির ধ্বংসাবশেষ।
স্থানীয় গবেষকেরা জানান, ব্রিটিশ আমলে এই অঞ্চলে কমপক্ষে ৩০টির বেশি সক্রিয় নীলকুঠি ছিল। ডোমারের গোসাইগঞ্জ, কিশোরগঞ্জের মাগুরার ডাঙ্গা, জলঢাকার গোলনা, বালাগ্রাম, চওড়া নদীর চর সবখানেই একসময় নীলচাষ ছিল মানুষের জীবিকার বাধ্যতামূলক অংশ। এখন সেসব কুঠির অধিকাংশই পরিত্যক্ত, ধসে পড়া, আবার কিছু পুঞ্জিভূত স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে ভাঙা দেয়াল হিসেবে।
জলঢাকার গোলনা গ্রামের ৭০ বছর বয়সী বশির উদ্দিন বলেন, ‘আমার দাদারা বলত, নীলরঙের গন্ধে একসময় বাতাস ভারী থাকত। গ্রামের পুরোনো ধ্বংসস্তুপটা আসলে নীলকুঠির ইটপাথর। এখন ওইখানে কচুরিপানা আর ঝোপঝাড় ছাড়া কিছুই নেই।’
ঔপনিবেশিক শাসনের সময়ে নীলচাষ ছিল কৃষকদের ওপর চাপিয়ে দেওয়া এক বাধ্যতামূলক কাজ। ধান বা পাট ফলানোর সুযোগ ছিল না; জমির মালিকদের নির্দেশে অথবা নীলকরের চাপে কৃষকেরা নীল চাষ করতে বাধ্য হতো। হাতে চিরকুট ধরিয়ে দেওয়া হতো যাতে লেখা থাকত কত বিঘায় নীল লাগাতে হবে। সেই চিরকুটই ছিল ‘হুকুম’। দাম ছিল নগণ্য, আর পরিশ্রম করতে হতো দ্বিগুণ।
কৃষকরা তখন বলতেন, ‘নীল দিয়া বাঁচি, নীল দিয়া মরি’। কারণ, নীল না লাগালে নীলকরদের অত্যাচার; নীল লাগালে মাটির উর্বরতা নষ্ট হয়ে জমি শুকিয়ে যেত। অনেক পরিবার ঋণে ডুবে জমি বিক্রি করতে বাধ্য হয়েছিল।
নীলফামারী সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক সোলায়মান হোসেন বলেন, ‘নীলফামারী নামের মধ্যেই নীল চাষের অতীত বয়ে বেড়ায়। এখানে নীলচাষের প্রসার ছিল উত্তরাঞ্চলের সর্বাধিক। চওড়া নদী বেয়ে দলে দলে নীলচাষিদের রং সরবরাহের নৌকা চলত।’
ডোমারের গোসাইগঞ্জের ঐতিহাসিক নীলকুঠির জায়গায় এখন আধাখানা ভাঙা দেয়াল, পাশে ঝোপঝাড় আর বালুচাপা চিমনি। কয়েক বছর আগেও দেয়ালের কিছু অংশ টিকে ছিল, এখন সেগুলোর ভেঙে বালুভর্তি গর্ত হয়ে গেছে। পাশে স্থানীয় একটি পরিবার কাঠের দোকান দিয়েছে কেউ বোঝেও না, দোকানের পেছনের ভাঙা ইটগুলো একসময় নীল সাম্রাজ্যের ভবন ছিল।
নীলফামারী সদরের নটখানার নীলকুঠির সামনে দাঁড়ালে বোঝা যায়, সময় কীভাবে ইতিহাসকে ধীরে ধীরে মুছে দেয়। বিশাল গুদামঘরটিতে এখন গ্রামের ছেলেরা ক্রিকেট খেলে। বিশাল লোহার খুঁটি ও পুরু ইটের দেয়ালের কিছু অংশ এখনও মাথা উঁচু করে আছে, কিন্তু কোনো সংরক্ষণ নেই। সাইনবোর্ড পর্যন্ত নেই।
স্থানীয় সাবেক প্রবীণ শিক্ষক পরেশ চন্দ্র রায় বলেন, ‘এগুলো সংরক্ষণ করলে অন্তত পরের প্রজন্ম জানতে পারত, কী ভয়ংকর ইতিহাস বইছে এই ইটের নিচে। এখন তো সরকারি কেউ আসে না, গবেষকেরাও না।
সবচেয়ে আকর্ষণীয় ধ্বংসাবশেষগুলোর একটি আছে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে বর্তমানে ‘জাদু ঘর’। বহু মানুষ এটাকে ‘নীল ধোয়ার ঘাট’ নামে চেনে। কথিত আছে, নীলকরেরা এখান থেকে নীল পাতার প্রাথমিক রং ধুয়ে নিত। নদীর তীরে এখনো বহু জায়গায় নীলের দাগ মিশ্রিত নরম কাদা পাওয়া যায় যা ইতিহাস গবেষকদের কাছে গুরুত্বপূর্ণ প্রমাণ।
৮০ বছর বয়সী আবদুল গফুর বলেন, ‘নদীর ওই ঢালটা দেখেন? দাদারা বলত, ওইখানেই নীল ধোয়া হতো। তখন পানির রঙ নাকি ঘন নীল হয়ে যেত। আমরা ছোটবেলায়ও নীলচে দাগ দেখতাম।’
জলঢাকা-কিশোরগঞ্জাঞ্চলে এখনো মাঝে মাঝে কৃষকেরা জমি চাষ করার সময় মাটির নিচ থেকে বড় ইট, গুদামের লোহার টুকরা, অথবা নীল ভাঁড়ের মতো পাত্র খুঁজে পান। এসব খুঁজে পাওয়া নিদর্শন প্রমাণ করে এই অঞ্চলে নীল ব্যবসা কতটা শক্তভাবে প্রতিষ্ঠিত ছিল।
ডিমলার স্থানীয় ইতিহাস গবেষক ঠাকুর সুধির চন্দ্র বর্মণ বলেন, ‘সরকার যদি সঠিকভাবে ম্যাপিং করত, নীলফামারীতে কমপক্ষে ৬০টির মতো নীলকুঠির অবস্থান পাওয়া যেত। অধিকাংশই মাটির নিচে চাপা পড়ে আছে বা ব্যক্তিগত জমিতে।’
তিনি আরও বলেন, ‘নীল শিল্পের সাথে যুক্ত স্থাপনাগুলো শুধু ইতিহাস নয়, এগুলো উত্তরাঞ্চলের মানুষের দুঃখ-বেদনার প্রতীক। এগুলো সংরক্ষণ করা খুবই জরুরি।’
স্থানীয়ভাবে শোনা যায়, নীলকুঠির অনেক জমি বর্তমানে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির দখলে। কেউ সেখানে দোকান করছে, কেউ পাকা ঘর তুলেছে, কেউ আবার জমি চাষ করছে। ভূমি রেকর্ডে উল্লেখ না থাকায় অনেক নীলকুঠি সরকারি বা প্রত্বতাত্তিক সম্পদ হিসেবে নথিভুক্তই নয়।
এই অব্যবস্থাপনার ফলেই ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ এবং সৈয়দপুর জুড়ে নীল ধ্বংসাবশেষগুলো দ্রুত বিলীন হয়ে যাচ্ছে। যেখানে সংরক্ষণ হলে এগুলো পর্যটনচিহ্নে পরিণত হতে পারত অর্থনীতির জন্যও হতো ভালো।
উত্তরাঞ্চলের পর্যটন উন্নয়ন নির্ভর একটি বেসরকারি গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যদি নীলফামারীর প্রধান পাঁচটি নীলকুঠি সংস্কার করে পর্যটনকেন্দ্র বানানো হয়, তাহলে বছরে প্রায় তিন লাখ দর্শনার্থী আকর্ষণ করা সম্ভব।
বিকেলের ম্লান আলোয় ডোমারের পরিত্যক্ত নীলকুঠির দেয়ালে হাত বোলালে মনে হয় ইতিহাস যেন ফুসফুসে নিঃশ্বাস ফেলে। শত বছরের পুরোনো কড়া ইটগুলো এখনও ভারী, শক্ত। মনে হয় এই দেয়াল যে কান্না দেখেছে, তা বোঝা যায় না বাইরে থেকে।
কিশোরগঞ্জের চাষি মোজাফফর আলী বলেন, ‘আমাদের পিতামহ নীলচাষ করতে বাধ্য ছিলেন। জমি নষ্ট হয়ে গেলে পরিবার সাবাড় হয়ে যেত। এই কুঠিগুলো শুধু বাড়ি না এগুলো আমাদের অতীতের যন্ত্রণার চিহ্ন।’
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের স্থানীয় কোনো কার্যক্রম নেই, এমনটাই জানালেন জেলা প্রশাসনের এক কর্মকর্তা। তিনি নাম প্রকাশ না করার শর্তে বললেন, নীলফামারীর নীলকুঠিগুলো নিয়ে কোনো আলাদা সঠিক তালিকা নেই। স্থানীয়ভাবে কেউ উদ্যোগ নিলেও সরকারি কোনো স্থায়ী প্রকল্প নেই।
বিকেল নামলে নীলফামারীর ভাঙা নীলকুঠির ছায়া দীর্ঘ হয়। বাতাসে শিসধ্বনি উঠে, ঝোপের ভিতর লুকিয়ে থাকা পুরোনো ইটগুলো সূর্যাস্তের আলোয় লালচে হয়ে ওঠে। মনে হয় শত বছর আগের সেই দূরাগত দুঃসময়ের ফিসফিসানি যেন এখনো শোনা যায়।
আজ সবকিছু বদলে গেছে। নীল চাষ নেই, নীলকর নেই। কিন্তু নীলফামারীর ভাঙা কুঠিগুলো নীরব দাঁড়িয়ে আছে এক হারানো সময়ের, একটি নিষ্ঠুর কৃষিনীতি অভিজ্ঞতার এবং মানুষের অবিচল টিকে থাকার নিঃশব্দ সাক্ষ্য হয়ে অবিচল টিকে থাকার নিঃশব্দ সাক্ষ্য হয়ে।


