...|...|...

বিশেষ প্রতিবেদন

নীরব ঘাতক ডায়াবেটিসে নীরবেই বাড়ছে ব্যয়

আল জুবায়ের বাদশা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৭:৩৭
Shares
নীরব ঘাতক ডায়াবেটিসে নীরবেই বাড়ছে ব্যয়

ছবি: সংগৃহীত

দেশে ভয়াবহ ভাবে বাড়তে শুরু করেছে ডায়াবেটিস রোগ। শহর থেকে গ্রাম, তরুণ থেকে প্রবীণ সব বয়সী মানুষের মধ্যেই বাড়ছে এই রোগের ঝুঁকি। সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারের মাধ্যমে ডায়াবেটিস রোগীরা মেটফরমিনের মতো প্রাথমিক খাওয়ার ট্যাবলেট এবং চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার সুযোগ পেলেও, চাহিদার তুলনায় ওষুধের সরবরাহ অত্যন্ত সীমিত ও অনিয়মিত হওয়ায় এবং ইনসুলিনের তীব্র সংকটের কারণে রোগীদের প্রয়োজনের বড় একটি অংশই বাইরে থেকে নিজের অর্থে মেটাতে হয়।

তাই রোগ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ওষুধ, ইনসুলিন, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে গিয়ে আর্থিক চাপে পড়ছেন রোগীরা। দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে বহু পরিবার। 

বিশেষজ্ঞরা বলছেন, রোগীদের এই চিকিৎসা ব্যয় ও বাড়তি আর্থিক চাপ কমাতে সরকারি পর্যায়ে ডায়াবেটিসের ওষুধ ও সরঞ্জামের সরবরাহ বাড়ানো অত্যন্ত জরুরি। একই সাথে, অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার, শারীরিক পরিশ্রমের অভাব এবং মাত্রাতিরিক্ত ওজন বৃদ্ধির মতো ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন হয়ে জীবনযাত্রায় পরিবর্তন আনা এবং বছরে অন্তত দুবার ডায়াবেটিস পরীক্ষা করার মাধ্যমে রোগটি প্রতিরোধ করা বা দ্রুত শনাক্ত করে মারাত্মক জটিলতা এড়ানো সম্ভব।

অর্ধেকেরই জানেন না আক্রান্ত

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (IDF) প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ২০৫০ সালে এ সংখ্যা বেড়ে ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, আক্রান্তদের প্রায় ৩৯ দশমিক ১ শতাংশ অর্থাৎ ৫৪ লাখের বেশি মানুষ জানেন না যে তাঁদের ডায়াবেটিস রয়েছে।

বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) -এর তথ্যেও ডায়াবেটিসের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সী নারীদের মধ্যে ডায়াবেটিসের হার ১৭ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে এই হার ১৫ শতাংশে দাঁড়িয়েছে। শহরাঞ্চলের মানুষের মধ্যে এই হার বেশি হলেও গ্রামাঞ্চলেও এর ঝুঁকি দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, পরিবর্তিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রমের অভাব ও জীবনযাত্রার পরিবর্তন টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে।

নিজের পকেট থেকে ব্যয়

ডায়াবেটিস রোগীর ওষুধ, ইনসুলিন, রক্তে গ্লুকোজ পরীক্ষা, চিকিৎসকের ফি এবং অন্যান্য সেবা মিলিয়ে তৈরি হয় বড় আর্থিক চাপ। বেসরকারি বিভিন্ন গবেষণা সংস্থার হিসাব অনুযায়ী, দেশের প্রতিটি ডায়াবেটিস রোগীকে চিকিৎসাপত্র, ওষুধ ও জীবনযাত্রা বজায় রাখতে প্রতি মাসে ন্যূনতম চার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ব্যয় করতে হয়; এর মধ্যে চিকিৎসকের ফি বাবদ ৫০০ থেকে এক হাজার টাকা, মেটফরমিন বা গ্লাইমিপিরাইডের মতো মুখে খাওয়ার ওষুধে দেড় হাজার থেকে ৩ হাজার টাকা, ইনসুলিনে ২ হাজার থেকে ৫ হাজার টাকা, গ্লুকোমিটারের স্ট্রিপের পেছনে ৫০০ থেকে এক হাজার টাকা এবং সুনির্দিষ্ট জীবনধারা ও ডায়েট মেনে চলার জন্য ডাক্তার দেখানো বাবদ আরও ৫০০ থেকে এক হাজার টাকা খরচ হয়। এই প্রেক্ষাপটে, দেশের প্রায় ১ কোটি ৩৯ লাখ ডায়াবেটিস রোগীর শুধু সর্বনিম্ন চার হাজার টাকার মাসিক খরচ হিসাব করলেই দেখা যায় মাসিক খাতটিতে মোট আর্থিক ব্যয় দাঁড়ায় প্রায় ৫ হাজার ৫৬০ কোটি টাকা যা বার্ষিক হিসাবে গিয়ে ঠেকে প্রায় ৬৬ হাজার ৭২০ কোটি টাকায়।

চিকিৎসার খরচ জোগাতে হিমশিম

রিকশাচালক আব্দুল কুদ্দুসের বয়স ৫২ বছর, বাড়ি মানিকগঞ্জ; থাকেন কামরাঙিচরে। বছর দুয়েক আগে অতিরিক্ত দুর্বলতা ও ঘন ঘন পিপাসা পাওয়ার সমস্যা নিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে যান তিনি। পরীক্ষা করানোর পর ধরা পড়ে তার ডায়াবেটিস রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কুদ্দুস প্রতিদিন রিকশা চালিয়ে যা আয় করেন, তার বড় একটি অংশ চলে যায় ওষুধের পেছনে। তিনি জানান, সকালে খালি পেটে একটা বড়ি, দুপুরে একটা, আবার রাতে দুটো ওষুধ খাওয়া লাগে। মাসে শুধু ওষুধ আর ইনসুলিন কিনতেই দেড় থেকে দুই হাজার টাকা যায়। এর সাথে তিন মাস পর পর ডাক্তার দেখানো আর পরীক্ষা-নিরীক্ষার খরচ তো আছেই। বলেন, ‘রাইতে রিকশা চালাইয়া হাড্ডি ভাইঙ্গা কামাই করি, আর হেই টেকা চইলা যায় ফার্মেসির ওষুধে।’

একই অবস্থা ঢাকার মিরপুরের বাসিন্দা রেশমা আক্তার (৪৫) গৃহিণী। স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে ছোট চাকরি করেন। চার বছর আগে হঠাৎ চোখের দৃষ্টি কিছুটা ঝাপসা লাগায় পরীক্ষা করিয়ে জানতে পারেন তার রক্তে শর্করার মাত্রা অনেক বেশি। রেশমা বলেন, আমার তো শুধু ডায়াবেটিস না সাথে সামান্য উচ্চ রক্তচাপও আছে। প্রতি মাসে ডাক্তারের ফি, পরীক্ষার একটা বড় খরচ থাকে। ওষুধের দাম যেভাবে বাড়ছে, মাস শেষে সংসার চালানোই দায় হয়ে যায়। ছেলেটার কোচিংয়ের ফি দিতে অনেক সময় ধারদেনা করতে হয়, কিন্তু আমার ওষুধ বা ইনসুলিন তো বাদ দেওয়া যায় না। দীর্ঘমেয়াদি এই রোগের কারণে মধ্যবিত্ত এই পরিবারটির সঞ্চয় বলতে প্রায় কিছুই অবশিষ্ট নেই।

কুদ্দুস কিংবা রেশমা নয় তাদের মতো লাখ লাখ মানুষের রোগটির পেছনে নিজের পকেট থেকে ব্যয় করতে হচ্ছে। এমন বাস্তবতায় আজ শনিবার (১৪ নভেম্বর) পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬।  এবছরের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়,ব্যবস্থা নিন এখনই।’

দেখা গেছে, অজান্তেই আক্রান্ত লাখো মানুষ ডায়াবেটিসের আরেকটি বড় সমস্যা হলো প্রাথমিক পর্যায়ে অনেকের শরীরে স্পষ্ট কোনো লক্ষণ দেখা যায় না। ফলে দীর্ঘদিন রোগ সম্পর্কে তারা অন্ধকারে থাকেন। অন্য কোনো শারীরিক সমস্যার চিকিৎসা নিতে গিয়ে কিংবা রুটিন চেকআপে এটি ধরা পড়ে। আইডিএফ -এর হিসাব অনুযায়ী, বাংলাদেশে আক্রান্তদের প্রায় ৩৯ দশমিক ১ শতাংশের রোগ নির্ণয় হয়নি। এই বিপুল জনগোষ্ঠীকে দ্রুত শনাক্ত করতে প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিসের বিস্তার মোকাবিলায় শুধু চিকিৎসাকেন্দ্র বাড়ালেই চলবে না, জোর দিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সময়মতো পরীক্ষা করার বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি, সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় পরীক্ষা ও ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং নিম্ন আয়ের মানুষের জন্য চিকিৎসা ব্যয় কমার উদ্যোগ নিতে হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ টাইমস টুডেকে বলেন, ডায়াবেটিস হয়ে গেলে খরচ কমানো অসম্ভব হয়ে পড়ে, কারণ এর নির্দিষ্ট কিছু চিকিৎসা ব্যয় রয়েছে যা এড়ানো যায় না। তাই আমাদের প্রধান ফোকাস হওয়া উচিত রোগ প্রতিরোধে যেসব কারণে ডায়াবেটিস হয়, সময় থাকতেই তা থেকে দূরে থাকতে হবে।

চিকিৎসকদের মত

ডায়াবেটিস নিউট্রিশনিস্ট সোসাইটি অব বাংলাদেশের সভাপতি আক্তারুন নাহার আলো টাইমস টুডেকে বলেন, উচ্চ রক্তচাপের মতো অনিয়ন্ত্রিত ডায়াবেটিসও হৃদযন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই এটি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। এর জন্য মিষ্টি জাতীয় খাবার ও ফাস্টফুড বর্জন করতে হবে, পাশাপাশি শাকসবজি ও মূলজাতীয় খাবার বেশি করে খেতে হবে। এছাড়া ওজন নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত ব্যায়াম বা খেলাধুলা করার অভ্যাস গড়ে তোলার ওপর তিনি জোর দেন।

নীরব ঘাতক টাইপ টু ডায়াবেটিস

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির লার্নিং প্রোগ্রামের প্রধান ডা. তারিন আহমেদ টাইমস টুডেকে  জানান, ডায়াবেটিস প্রধানত দুই প্রকার- টাইপ -১ ও টাইপ-২, যার মধ্যে শতকরা ৯০ ভাগ রোগীই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। এর বড় ঝুঁকি হলো, দীর্ঘদিন এটি কোনো স্পষ্ট উপসর্গ ছাড়াই শরীরে লুকিয়ে থাকতে পারে। অনেক সময় হৃদরোগ, চোখের সমস্যা বা পায়ের ক্ষত নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরই রোগ ধরা পড়ে। 

তিনি বলেন, বর্তমানে অল্প বয়সীদের মাঝেও এটি বাড়ছে। তাই ঝুঁকি কমাতে জীবনযাত্রার মান পরিবর্তন, স্বাস্থ্যকর খাদ্যাভাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, ওজন নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুমানোর বিকল্প নেই। উপসর্গের জন্য অপেক্ষা না করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে রক্তের গ্লুকোজ পরীক্ষা করার পরামর্শ দেন তিনি।