যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে ইরানের আর্থিক ব্যবস্থায় সংকটের মধ্যে ব্যাংক ও মুদ্রা বিনিময় কেন্দ্র থেকে মার্কিন ডলার কেনার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ হাজার ডলার কিনতে পারবেন। তবে দৈনিক কেনার সীমা এক হাজার ডলার।
শুক্রবার (২৩ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের সংবাদ সংস্থা ফার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক ও মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোর জন্য জারি করা সর্বশেষ নির্দেশনায় এ সীমা নির্ধারণ করা হয়েছে। তুলনামূলক কম পরিমাণ ডলার কিনতে আগ্রহীরা ব্যাংক কার্ড ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ১০০ থেকে সর্বোচ্চ এক হাজার ডলার পর্যন্ত কেনার আবেদন করতে পারবেন।
নির্বাচিত কিছু ব্যাংক শাখা ও মুদ্রা বিনিময় কেন্দ্রে সরকারি নির্ধারিত বিনিময় হারেও ডলারের নোট বিক্রি অব্যাহত রয়েছে। নির্ধারিত পদ্ধতিতে আবেদন করে এসব কেন্দ্র থেকে বৈদেশিক মুদ্রা কিনতে পারবেন গ্রাহকেরা।
প্রতিবেদন অনুযায়ী, গত ২২ অক্টোবর ইরানে প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ছিল ২ লাখ ৬২ হাজার ইরানি রিয়াল বা তুমান। বছরের শুরুতে এই দর ছিল প্রায় ১ লাখ ৩৫ হাজার তুমান। অর্থাৎ, বছরের শুরু থেকে ডলারের বিপরীতে ইরানি মুদ্রার বিনিময়মূল্য উল্লেখযোগ্যভাবে কমেছে।
নতুন নির্দেশনার ফলে ডলার কেনার ক্ষেত্রে দৈনিক ও সর্বোচ্চ ক্রয়সীমা নির্দিষ্ট করে দেওয়া হলো। তবে এই পদক্ষেপ ইরানের মুদ্রাবাজারে কী প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়।


