রংপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি) শাখার সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারবিরোধী অপতৎপরতা এবং গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে মহানগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনিমা জামান প্রমার বিরুদ্ধে সরকারবিরোধী অপতৎপরতা চালানো এবং গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সন্ধ্যায় প্রমাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অনিমা জামান প্রমা রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুর মেয়ে। ২০২৩ সালের ১১ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আড়ালে চলে যান প্রমা। এরপর তাকে জনসমক্ষে দেখা না গেলেও গোপনে সরকারবিরোধী অপতৎপরতা চালানো এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, প্রমার বাবা আতাউর জামান বাবু দুই বছরের বেশি সময় ধরে কারাগারে আটক রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।


