নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতারে দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। পরে ওই নেতাকে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হওয়া রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, রাকিবুলের বিরুদ্ধে আদালতে সিআর মামলায় (মামলা নং-২২২/২৫) গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ওই পরোয়ানার ভিত্তিতে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে গ্রেফতার করতে বদলগাছী থানার এসআই অসিত কুমার ভান্ডারপুর বাজারে যান।
পুলিশ সুপারের ভাষ্য, সেখানে দায়িত্ব পালনে অবহেলার কারণে রাকিবুল পালিয়ে যাওয়ার সুযোগ পান। বিষয়টি জানতে পেরে ওই রাতেই এসআই অসিত কুমারকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। পরে একই দিন ভোরে রাকিবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন ওই এসআই।
তবে প্রথমবার রাকিবুলকে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এসআই অসিত কুমার। তিনি বলেন, প্রথমবার গ্রেফতারের চেষ্টা করার সময় রাকিবুল বিষয়টি টের পেয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। এরপর টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়ার প্রচারণা চালানো হয়, যা সম্পূর্ণ অসত্য।
অসিত কুমার আরও বলেন, দ্বিতীয় দফায় তিনিই রাকিবুলকে গ্রেফতার করেন। ছাত্রলীগের পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না বলেও দাবি করেন তিনি।


