...|...|...

বিশ্ব

নিলামে ৪ হাজার ডলারে বিক্রি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের চুল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৮
Shares
নিলামে ৪ হাজার ডলারে বিক্রি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের চুল

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল নিলামে বিক্রি হয়েছে ৪ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ লাখ টাকা। কাচঘেরা একটি ফ্রেমে সংরক্ষিত ঐতিহাসিক এই চুল শনিবার (২১ নভেম্বর) নিলামে বিক্রি করে রিচমন্ড অকশনস নামের একটি প্রতিষ্ঠান। তবে চুলটির নতুন মালিকের পরিচয় প্রকাশ করা হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের চুলের এই অংশটি একসময় জন গ্যাডসবি নামের এক ব্যক্তির কাছে ছিল। ১৭৯৯ সালে মৃত্যুর কিছুদিন আগে ওয়াশিংটনকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। তাদের বন্ধুত্বের সূত্র ধরেই চুলটি গ্যাডসবির কাছে আসে বলে জানা যায়।

১৯২৮ সালে গ্যাডসবির নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার এক বিবৃতিতে জানান, তার দাদা চুলটি ফ্রেমে বাঁধিয়ে বাড়িতে রাখা জর্জ ওয়াশিংটনের প্রতিকৃতির নিচে ঝুলিয়ে রেখেছিলেন। পরে গ্যাডসবির এক বংশধরের কাছ থেকে চুলটি সংগ্রহ করেন জন কে ল্যাটিমার নামের এক সংগ্রাহক।

তবে ওয়াশিংটনের চুল নিলামে বিক্রির ঘটনা এবারই প্রথম নয়। ২০২১ সালে তার তিনটি চুল প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। মৃত্যুর কাছাকাছি সময়ে বা মৃত্যুর পর চুলগুলো সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হয়।

এ ছাড়া গত জুলাইয়ে ১৭৭৬ সালে ওয়াশিংটনের স্বাক্ষর করা একটি চিঠি নিলামে ১ লাখ ৯ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেওয়া জর্জ ওয়াশিংটন ১৭৮৯ সালে দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। দুই মেয়াদ শেষে ১৭৯৭ সালে ক্ষমতা ছাড়েন তিনি। ১৭৯৯ সালে তাঁর মৃত্যু হয়।

বর্তমানে তার সাবেক বাসভবন মাউন্ট ভার্নন জাদুঘরে ওয়াশিংটনের চুলের অন্তত ৫০টি নমুনা সংরক্ষিত রয়েছে।