ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। একই সাথে হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ বিষয়ে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার হুঁশিয়ারি, জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে বিএনপিকে অতীতের চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক চত্বরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির পদযাত্রা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আব্দুল্লাহ আল জাবের।
সংবাদ সম্মেলনে তিনি তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই অভ্যুত্থান, পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যার বিচার সম্পন্ন করা।
আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, ওসমান বিন হাদীকে গুলি করে হত্যার পর দেশি-বিদেশি বিভিন্ন চক্র ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। তার দাবি, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা ভারতে অবস্থান করছেন। তাদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার চিঠি দেওয়া হলেও ভারত সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো জবাব দেয়নি।
তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা না বলার নির্দেশ দিয়েছেন। এসব বিষয় তুলে ধরে জাবের দাবি করেন, ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের সাথে ভারত সরাসরি জড়িত।
বিচার না হওয়ার বিষয়টি নিয়ে সরকারের কাছে জবাব চান ইনকিলাব মঞ্চের এই নেতা। তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমরা যখন হাদী হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেছি, তখন অভিযোগ করা হয়েছিল যে আমরা নাকি নির্বাচন বানচাল করতে আন্দোলন করছি। এখন তো দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আট মাস পেরিয়ে গেলেও এখনো কেন শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার হচ্ছে না, সরকারের কাছে আমরা সেই জবাব চাই।’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের বলেন, গত ১৭ বছর বিএনপি, জামায়াতসহ অন্যান্য বিরোধী দল স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারেনি। জুলাই গণঅভ্যুত্থানের পথ ধরেই আজ বিএনপি ক্ষমতায় এসেছে। কিন্তু তারা যদি জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে অতীতে বিএনপিকে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তার চেয়েও ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সার্চ কমিটির আহ্বায়ক সাব্বির, সদস্য শাফিন শাহজাদ, অদম্য ২৪-এর আহ্বায়ক মুহাম্মদ তামিম এবং সদস্যসচিব সজীব হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মানিকগঞ্জের স্থানীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল। সংবাদ সম্মেলনস্থলের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।

