...|...|...

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৩২
Shares
নিখোঁজের ২ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

মো. ইসমাইল (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার। ছবি: টাইমস টুডে

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিখোঁজের ২ দিন পর খাল থেকে বস্তাবন্দি অবস্থায় মো. ইসমাইল (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. রোকন (১৮) নামে এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটি ওই একই ওয়ার্ডের বাসিন্দা আকবর ও রুমা দম্পতির ছেলে। অন্যদিকে হেফাজতে নেওয়া রোকন ওই একই ওয়ার্ডের মো. নান্নুর ছেলে বলে জানা গেছে।

পুলিশ, শিশুর স্বজন ও স্থানীয়রা জানায়, গত রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খেলতে গিয়ে ইসমাইল নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বসতঘরের আশেপাশেসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরবর্তীতে মঙ্গলবার খালের ভেতরের একটি ভাসমান বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে বস্তাটি উদ্ধার করলে ভেতরে বস্তাবন্দি অবস্থায় নিখোঁজ শিশুর লাশটি দেখতে পান।

‎এ বিষয়ে বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, উদ্ধারকৃত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় রোকন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং স্বজনরা মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।