...|...|...

অপরাধ

নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, রাত ৮:৪৮
Shares
নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ

ছবি: সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে আবার হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (৭ নভেম্বর) বিকাল চারটার দিকে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ক্যান্টনমেন্ট থানার দায়িত্বরত কর্মকর্তা মো. আরিফ গণমাধ্যমকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে একজনকে আটকে রাখার তথ্য জানানো হয়। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গেছেন।

নিউগিনি আবাসন প্রকল্পের মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, তার প্রকল্পে দুর্বৃত্তরা আবার হামলা করেছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে।

গত ২৬ সেপ্টেম্বর রাতেও নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান মুক্তাদিরের প্রকাশ করা ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ওই হামলার ঘটনার অন্যতম ‘সমন্বয়ক’ হিসেবে চিহ্নিত মো. যুবরাজকে এখনো গ্রেফতার করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, মিরপুরের দুটি সন্ত্রাসী বাহিনীর সদস্যদের নিয়ে হামলার সমন্বয় করেন ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম ওরফে ‘কিলার’ ইব্রাহিমের বাহিনীর সদস্য যুবরাজ।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বরের হামলার দিন ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে ১৩ জন হামলার পরিকল্পনা করেন। এ সময় মামলার ১ নম্বর আসামি শাহরিয়ার মাহমুদ মো. ইব্রাহিমের সাথে যোগাযোগ করে হামলার জন্য এক কোটি টাকার চুক্তি করেন। পরে ইব্রাহিম লোকজন সংগ্রহ করে হামলার দায়িত্ব দেন যুবরাজকে।

ওই ঘটনায় হামলার পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আটজন জামিনে মুক্তি পেয়েছেন।

হামলায় জড়িত আরও ৯ জনকে শনাক্ত করা হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।