মার্কিন বিচার বিভাগ, নাসা, ফেডেরাল রিজার্ভ ও সেনেটসহ বিভিন্ন সংবেদনশীল সরকারি সংস্থায় ভাঙচুর এবং হ্যাকিংয়ের চেষ্টার জন্য দায়ী একটি চীনা হ্যাকিং অপারেশন প্রতিহত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে বিচার বিভাগ জানিয়েছে, হ্যাকিংয়ের এই অভিযানে ব্যবহৃত ‘কিউস্ক্যান’ এবং ‘কিউরাউটার’ নামের দুটি হ্যাকিং প্ল্যাটফর্মের ডোমেইনগুলো জব্দ করা হয়েছে।
একটি এফিডেভিট বা হলফনামায় জানানো হয়েছে যে, মার্কিন জ্বালানি বিভাগ, স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চারটি বেনামী কোম্পানিও এই হ্যাকারদের শিকার হওয়া ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে।
রয়টার্সের বরাতে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের একজন মুখপাত্র ইমেইলে জানিয়েছেন যে, বিচার বিভাগের বিবৃতিতে উল্লেখিত সুনির্দিষ্ট বিষয়গুলোর সাথে তারা পরিচিত নন, তবে চীন সরকার আইনের সাথে সঙ্গতি রেখে সব ধরনের সাইবার হামলার দৃঢ় বিরোধিতা করে এবং মোকাবিলা করে।
মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র সাইবার নিরাপত্তার বিষয়টিকে চীনকে কলঙ্কিত বা অসম্মানিত করতে ব্যবহার করছে। চীন জাতীয় নিরাপত্তার ধারণার অপব্যবহার করা এবং চীনা কোম্পানিগুলোর ওপর বৈষম্যমূলক নিষেধাজ্ঞা আরোপের অজুহাত হিসেবে তা ব্যবহার করার তীব্র বিরোধিতা করে এবং চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।
বিচার বিভাগ জানিয়েছে, প্ল্যাটফর্মগুলো চীনভিত্তিক একটি প্রতিষ্ঠান ‘নানজিং জিনজিউেই নেটওয়ার্ক টেকনোলজি কোম্পানি’ দ্বারা পরিচালিত হতো। এ প্রতিষ্ঠানের ক্লায়েন্টদের মধ্যে চীনের বেসামরিক গোয়েন্দা সংস্থা—রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় এবং দেশটির সামরিক বাহিনী—পিপলস লিবারেশন আর্মি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়েছে।
অবশ্য স্বাভাবিক ব্যবসার সময়ের বাইরে হওয়ায় নানজিং জিনজিউেই তাৎক্ষণিকভাবে মন্তব্যের কোনো অনুরোধে সাড়া দেয়নি।


