চলচ্চিত্রজগতে যৌন শোষণ ও কাস্টিং কাউচের মতো ঘটনা নতুন নয়। অতীতেও ছিল, এখনো রয়েছে। শুধু নারী নয়, পুরুষ অভিনয়শিল্পীরাও এমন পরিস্থিতির শিকার হন। বিনোদনজগতের দীর্ঘদিনের এই বিতর্কিত বাস্তবতা নিয়ে এবার মুখ খুলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয়। ‘বাহুবলী’ সিনেমায় শিবগামী দেবী চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি ‘র টকস উইথ ভিকে’ নামের একটি পডকাস্টে চলচ্চিত্রশিল্পে কাস্টিং কাউচ, যৌন শোষণ এবং অভিনয়শিল্পীদের কাজের পরিবেশ নিয়ে খোলামেলা কথা বলেন রাম্যা।
তার ভাষ্য, চলচ্চিত্রশিল্পে ক্ষমতার অপব্যবহার ও যৌন শোষণের ঘটনা অস্বীকার করার সুযোগ নেই। তবে বিষয়টি শুধু বিনোদনজগতের মধ্যেই সীমাবদ্ধ নয়। অন্যান্য পেশাতেও নারী ও পুরুষ উভয়েই এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন।
যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে রাম্যা বলেন, নারীর স্বাধীনতা ও অগ্রগতির ক্ষেত্রে এগিয়ে থাকা দেশগুলোতেও যৌন শোষণের অভিযোগ সামনে আসে। এ প্রসঙ্গে আলোচিত ‘এপস্টেইন ফাইলস’- এর কথাও উল্লেখ করেন তিনি।
অভিনেত্রীর বক্তব্য, যুক্তরাষ্ট্রের মতো দেশেও যখন এমন ঘটনা ঘটে, তখন ভারতীয় চলচ্চিত্রশিল্পে এ ধরনের সমস্যা নেই বলে দাবি করার সুযোগ নেই।
রাম্যা মনে করেন, কখনো সরাসরি চাপ প্রয়োগ করে, আবার কখনো পরিস্থিতির সুযোগ নিয়ে যৌন শোষণের ঘটনা ঘটে। চলচ্চিত্রশিল্পের চাকচিক্য ও তারকাদের পরিচিতির কারণে এসব ঘটনা বেশি আলোচনায় আসে। কিন্তু করপোরেট প্রতিষ্ঠানসহ অন্যান্য কর্মক্ষেত্রেও একই ধরনের সমস্যার অস্তিত্ব রয়েছে।
তবে অতীতের তুলনায় পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে বলেও মনে করেন এই অভিনেত্রী। তার মতে, বর্তমান প্রজন্মের অভিনয়শিল্পীদের অনাকাঙ্ক্ষিত প্রস্তাব প্রত্যাখ্যান করার সুযোগ আগের চেয়ে বেড়েছে।
শুধু কাস্টিং কাউচ নয়, আশি ও নব্বইয়ের দশকে চলচ্চিত্রের শুটিং সেটে নারী অভিনয়শিল্পীদের দুর্ভোগের কথাও তুলে ধরেন রাম্যা কৃষ্ণন।
তিনি জানান, সে সময় শুটিং সেটে শিল্পীদের জন্য আধুনিক ক্যারাভান কিংবা পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা ছিল না। পোশাক পরিবর্তনের জন্যও নির্দিষ্ট জায়গা পাওয়া যেত না। বিশেষ করে নারী অভিনয়শিল্পীদের ব্যক্তিগত প্রয়োজন মেটাতে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো।
অতীতের অভিজ্ঞতা স্মরণ করে রাম্যা বলেন, কখনো অ্যাম্বাসেডর গাড়ির দরজা বন্ধ করে ভেতরে বোতল ব্যবহার করে প্রাকৃতিক প্রয়োজন সারতে হতো। শুটিংয়ের ব্যস্ততার মধ্যে এসব সমস্যার সমাধান করার মতো পর্যাপ্ত সুযোগও ছিল না।
এমনকি সময় বাঁচাতে অনেক ক্ষেত্রে নিজেদের মেকআপও নিজেরাই করতেন বলে জানান তিনি।
রাম্যার মতে, প্রযুক্তি ও অবকাঠামোগত উন্নয়নের ফলে বর্তমানে চলচ্চিত্রের শুটিং পরিবেশ অনেকটাই বদলেছে। আধুনিক ক্যারাভান, উন্নত শৌচাগার, পোশাক পরিবর্তনের ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ায় বর্তমান প্রজন্মের অভিনয়শিল্পীরা তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
দীর্ঘ অভিনয়জীবনে তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন রাম্যা কৃষ্ণন। তবে এস এস রাজামৌলির ‘বাহুবলী’ চলচ্চিত্রে শিবগামী দেবীর চরিত্র তাকে আন্তর্জাতিক দর্শকের কাছেও বিশেষ পরিচিতি এনে দেয়।
সামনে রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’-এর পাশাপাশি ‘রাকা’, ‘শ্রী শ্রী’ ও ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’-এর মতো চলচ্চিত্রে তাকে দেখা যাওয়ার কথা রয়েছে।


