...|...|...

রংপুর

নাতি জামাইয়ের হাঁসুয়ার আঘাতে দাদা শ্বশুর নিহত, শ্বশুর আহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৬, রাত ২:৪৯ | আপডেট: ২১ আগস্ট ২০২৬, সকাল ৬:৪৮
Shares
নাতি জামাইয়ের হাঁসুয়ার আঘাতে দাদা শ্বশুর নিহত, শ্বশুর আহত

আহত শহিদুল ইসলাম। ছবি: টাইমস টুডে

বগুড়ার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের বাগইল এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নাতি জামাইয়ের হাঁসুয়ার আঘাতে দাদা শ্বশুর নিহত হয়েছেন। এ ঘটনায় শ্বশুর আহত হয়েছেন।

রবিবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন (৭০) উপজেলার বাগইল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আহত শহিদুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার শাকিলের সাথে শহিদুল ইসলামের মেয়ের বিয়ে হয়। সেই সূত্রে নিহত মকবুল হোসেন ছিলেন শাকিলের দাদা শ্বশুর। দীর্ঘদিন ধরে শাকিল ও তার শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

স্থানীয়দের অভিযোগ, ওই বিরোধের জেরে রবিবার বিকেলে শাকিল ও তার ছোট ভাই সবুজ ধারালো হাঁসুয়া দিয়ে মকবুল হোসেনের ওপর হামলা চালান। তাকে রক্ষা করতে এগিয়ে এলে শহিদুল ইসলামকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত শহিদুল ইসলামের ভাই বলেন, আত্মীয়তার সম্পর্ক থাকার পরও তারা এমন নির্মম ঘটনা ঘটাবে, তা কখনো ভাবিনি। জমিজমা নিয়ে আগেও একাধিকবার বিরোধ হয়েছে। আজ তারা আমার ভাইকে ও বাবাকে হত্যা করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।