...|...|...

খুলনা

শ্বশুরকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে কারাগারে জামাই

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৬, সকাল ৬:৩৭ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ভোর রাত ৫:০১
Shares
শ্বশুরকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে কারাগারে জামাই

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শ্বশুরকে মাদক মামলায় ফাঁসানোর পরিকল্পনা করে শেষ পর্যন্ত নিজেই আইনের জালে ধরা পড়েছেন হাবিবুল ইসলাম ঠান্টু (৩২) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিরচর গ্রামে।

গ্রেফতার হওয়া ঠান্টু মিরপুর উপজেলার মাঝিহাট গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে কুন্টিরচর গ্রামের ফারুক হোসেনের মেয়ের সাথে ঠান্টুর বিয়ে হয়। দীর্ঘদিন ধরে মাদকাসক্তির কারণে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। একপর্যায়ে স্বামীর আচরণে অতিষ্ঠ হয়ে কয়েক দিন আগে স্ত্রী তাকে তালাকের নোটিশ পাঠান।

এরই প্রতিশোধ নিতে রবিবার (২৮ জুন) গভীর রাতে ঠান্টু শ্বশুরবাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে মাদক রেখে আসে। পরে নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ওই বাড়িতে মাদক থাকার তথ্য দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুক হোসেনের বাড়ি থেকে মাদক উদ্ধার করে। তবে তথ্যদাতার দেওয়া অত্যন্ত নির্ভুল বর্ণনা পুলিশের সন্দেহের সৃষ্টি করে। তদন্তের একপর্যায়ে ফারুক হোসেনের পরিবারের সাথে কথা বলে তালাক-সংক্রান্ত বিরোধের বিষয়টি জানতে পারে পুলিশ।

পরে ঠান্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি শ্বশুরকে মাদক মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে নিজেই মাদক রেখে ৯৯৯-এ ফোন করেছিলেন বলে স্বীকার করেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঠান্টু নিয়মিত মাদক সেবন করতেন। এ কারণে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্ত্রী তালাকের নোটিশ দেওয়ার পর প্রতিশোধপরায়ণ হয়ে তিনি শ্বশুরবাড়িতে মাদক রেখে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।