নাইজেরিয়ার তারাবা রাজ্যের বিনারি গ্রামে মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পরপরই গ্রামটিতে এ হামলা চালানো হয়। হামলার পর আতঙ্কে গ্রাম ছেড়ে আশপাশের ঝোপঝাড়ে পালিয়ে যান বাসিন্দারা।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। হামলাকারীরা চলে যাওয়ার পর অন্তত ২০ জনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ইসিয়াকু মুসা ও সাইদু নুহু। এ ছাড়া কয়েকজন গ্রামবাসীর খোঁজ পাওয়া যাচ্ছে না।
তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ।
স্থানীয় নেতা মালাম আবুবকর সাইফুল্লাহি জানান, প্রায় ৫০টি মোটরসাইকেলে করে গ্রামে আসে হামলাকারীরা। প্রতিটি মোটরসাইকেলে দুজন করে সশস্ত্র ব্যক্তি ছিল। তারা বিভিন্ন দোকানে লুটপাট চালিয়ে নগদ অর্থ, খাবার ও অন্যান্য সামগ্রী নিয়ে যায়। হামলা থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার সময় বাসিন্দাদের ফেলে যাওয়া মোটরসাইকেলও নিয়ে যায় তারা।
হামলার সময় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে বাসিন্দারা বিভিন্ন দিকে ছুটতে থাকেন। স্থানীয় বাসিন্দা ইসিয়াকু মুসা বলেন, হামলা থেকে বাঁচতে মানুষ বিভিন্ন দিকে দৌড়াচ্ছিলেন। কোথায় গেলে নিরাপদ থাকা যাবে, তা কেউ জানতেন না।
নাইজেরিয়ার মধ্যাঞ্চলের দিকে অবস্থিত তারাবা রাজ্যে সাম্প্রতিক সময়ে সশস্ত্র অপরাধী চক্রের সহিংসতা বেড়েছে।
এ ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া। সংস্থাটির অভিযোগ, উত্তরাঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীকে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার মুখে কার্যত অরক্ষিত অবস্থায় ছেড়ে দেওয়া হচ্ছে। সন্দেহভাজন হামলাকারীদের বিচারের আওতায় আনতে কর্তৃপক্ষের ধারাবাহিক ব্যর্থতা অপরাধীদের দায়মুক্তির প্রবণতাকে আরও উৎসাহিত করছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি।


