নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মহানবীর (সা.) আদর্শে সমাজ গড়তে পারলে সর্বস্তরে শান্তি বিরাজ করবে। তার আদর্শ অনুসরণ করলে শুধু মানবদেহে নয়, সমাজেও শান্তি প্রতিষ্ঠা হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজের প্রতিটি মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করাকেই ন্যায়বিচার হিসেবে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয়, সমাজের প্রতিটি স্তর থেকে বৈষম্য দূর করতে হবে। নাগরিকদের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে না পারলে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মহানবীর (সা.) আদর্শে সমাজ গড়তে পারলে সর্বস্তরে শান্তি বিরাজ করবে। তার আদর্শ অনুসরণ করলে শুধু মানবদেহে নয়, সমাজেও শান্তি প্রতিষ্ঠা হবে।
তিনি আরও বলেন, সমাজ থেকে অন্যায়, অনাচার, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতে হলে সীরাতুন্নবী (সা.)-এর আদর্শে সমাজ বিনির্মাণ করতে হবে। এ সময় উপস্থিত চিকিৎসকদের মহানবী (সা.)-এর আদর্শে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান তিনি।


