মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অনুসৃত নীতি ও আদর্শ অনুসরণ ছাড়া বিশ্বের বর্তমান পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর চাঁন কমিউনিটি সেন্টারে ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে আহলা দরবার শরীফ আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.) এর সেমিনার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমন ছিল সারা বিশ্বের জন্য সুসংবাদ। তার আগমনের মাধ্যমেই ইসলাম শান্তি, মানবতা ও সাম্যের ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হলেও রাসুল (সা.) এর প্রদর্শিত পথ অনুসরণ করেই পৃথিবীতে কল্যাণ ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব।
দেশের বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন সংকটের প্রসঙ্গে আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে জমে থাকা এসব সমস্যা নতুন সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আগের সরকারের সময়ের অনিয়ম ও উদাসীনতার কারণে এসব সংকট তৈরি হয়েছে। এগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়।
পুরান ঢাকার নাগরিক সমস্যা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, নাজুক ও ক্ষতিগ্রস্ত ড্রেনেজ ব্যবস্থা জলাবদ্ধতার অন্যতম কারণ। এ সমস্যা সমাধানে সাময়িক পদক্ষেপের পরিবর্তে পানি বুড়িগঙ্গায় নিষ্কাশনের জন্য সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।
তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণ এবং খাল, বিল, পুকুর ও খোলা জায়গা দখল করে ভবন নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। পুরান ঢাকার সরু রাস্তা ও ঘনবসতির বাস্তবতা বিবেচনায় নিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, প্রত্যেককে নিজের বাসাবাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এ বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।
পুরান ঢাকাকে আরও সুন্দর ও পর্যটনবান্ধব করতে বুড়িগঙ্গা নদী পরিষ্কার করার পাশাপাশি ঐতিহ্যবাহী নৌকাবাইচ, ঘুড়ি ওড়ানো, সাইকেল চালানো, কাওয়ালি ও কাসিদার মতো সংস্কৃতি ফিরিয়ে আনার ঘোষণা দেন তিনি।
এ ছাড়া নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সপ্তাহে দুই দিন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাসে করে ঐতিহাসিক স্থান পরিদর্শনের পরিকল্পনার কথাও জানান তিনি।
পরিকল্পনার আওতায় আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, শহীদ মিনার, বড় কাটরা ও তারা মসজিদসহ পুরান ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থানে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার কথা জানান আবদুস সালাম।



