...|...|...

সারাদেশ

নদীর তীরে হলুদ বস্তায় মিলল যুবকের লাশ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩১
Shares
নদীর তীরে হলুদ বস্তায় মিলল যুবকের লাশ

রায়পুরা থানা, নরসিংদী

নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদের তীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩০) পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীরে হলুদ রঙের একটি বস্তার ভেতরে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা রায়পুরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করে। বস্তা খুলে দেখা যায়, যুবকের দুই হাত টেপ দিয়ে এবং দুই পা কাপড় দিয়ে বাঁধা। তার শরীরের বিভিন্ন স্থানে কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের ধারণা, তিন থেকে চার দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে লাশটি নদীর তীরে ফেলে গেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় পচাগলা লাশটি উদ্ধার করে। লাশের গলা ও শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। উদ্ধারের সময় তার হাত-পা বাঁধা ছিল। অন্য কোথাও হত্যা করে লাশটি এখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।