ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। এ লক্ষ্যে তার আইনজীবীরা বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শেখ হাসিনার আইনজীবীদের পাঠানো একটি চিঠি পর্যালোচনা করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর এটিই তার পক্ষ থেকে প্রথম এমন আনুষ্ঠানিক যোগাযোগ।
প্রতিবেদনে বলা হয়, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সে কর্মরত শেখ হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে শেখ হাসিনার নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারসংক্রান্ত বাধ্যবাধকতার ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। সোমবার তাঁর সহযোগীরাও জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার ও আত্মসমর্পণের তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে চলে যান শেখ হাসিনা। ওই আন্দোলনের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেয় হাসিনা । এতে হাজারের বেশি মানুষ নিহত হয়। এর দায়ে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
দীর্ঘ দুই বছরের বেশি সময় পর দেশে ফেরার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে শেখ হাসিনার প্রত্যাবর্তন পরিকল্পনার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখছে রয়টার্স।
এদিকে শেখ হাসিনার দল আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ। আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, শেখ হাসিনার দেশে ফেরা বাংলাদেশ ও ভারতের মধ্যকার টানাপোড়েনপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে। ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত তাকে আশ্রয় দেওয়ায় দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল।
তবে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন সম্পর্কে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শেখ হাসিনার দেশে ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। তার আবেদন অনুমোদন করা হবে কি না, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অবস্থান জানা যায়নি।


