মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজের স্বাক্ষরিত এক আবেদনে মো. মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
আদালতের আদেশ সূত্রে জানা যায়, নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। আবেদনে দুদক উল্লেখ করে, সংশ্লিষ্ট ব্যক্তি ও নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করলে চলমান অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় অনুসন্ধানের স্বার্থে মো. মোতাছিম বিল্লাহ যেন দেশত্যাগ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় আদেশ চেয়েছিল দুদক। এর পরিপ্রেক্ষিতে আদালত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নগদ লিমিটেডের তৎকালীন প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে অব্যাহতি দিয়ে মো. মোতাছিম বিল্লাহকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।


