ধূমপানের কারণে নারীদের বন্ধ্যাত্বের ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় ৪০ শতাংশ বেশি। শুধু নারী নয়, তামাকের ব্যবহার পুরুষের প্রজননস্বাস্থ্যেরও মারাত্মক ক্ষতি করে। এমনকি ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)-এর মতো আধুনিক চিকিৎসায় সন্তান ধারণের সাফল্যের হারও কমিয়ে দিতে পারে ধূমপান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
তামাকের ব্যবহার ও বন্ধ্যাত্বের সম্পর্ক নিয়ে প্রকাশিত প্রতিবেদনে নারী ও পুরুষের প্রজননস্বাস্থ্যে ধূমপানের ক্ষতিকর প্রভাব তুলে ধরেছে সংস্থাটি। ২০০০ থেকে ২০২৬ সালের মধ্যে পরিচালিত বিভিন্ন গবেষণার পদ্ধতিগত পর্যালোচনায় দেখা গেছে, বর্তমানে ধূমপান করেন এমন নারীদের বন্ধ্যাত্বের ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় ৪০ শতাংশ বেশি।
শুধু সরাসরি ধূমপানই নয়, পরোক্ষ ধূমপানের কারণেও নারীদের প্রজননস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। যারা নিজেরা ধূমপান করেন না, কিন্তু অন্যের ধূমপানের ধোঁয়ার সংস্পর্শে থাকেন, তাদের বন্ধ্যাত্বের ঝুঁকিও ২০ শতাংশ পর্যন্ত বেশি।
ডব্লিউএইচও সতর্ক করেছে, প্রচলিত সিগারেটের পাশাপাশি ইলেকট্রনিক সিগারেট (ই-সিগারেট), সিসা এবং অন্যান্য তামাক ও নিকোটিনজাত পণ্যও প্রজননস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তবে বিকল্প এসব পণ্যের প্রভাব নিয়ে এখনো পর্যাপ্ত গবেষণা হয়নি।
পুরুষের প্রজননস্বাস্থ্যের ওপর ধূমপানের প্রভাব নিয়েও উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। ৬০ হাজারের বেশি পুরুষের ওপর পরিচালিত ৪৪টি গবেষণার পর্যালোচনায় দেখা গেছে, ধূমপানের কারণে যৌন অক্ষমতা (ইরেকটাইল ডিসফাংশন), বীর্যপাতের জটিলতা, শুক্রাণুর গতিশীলতা কমে যাওয়া এবং শুক্রাণুর গঠনে অস্বাভাবিকতা দেখা দিতে পারে।
সন্তান নেওয়ার জন্য চিকিৎসা গ্রহণকারী দম্পতিদের ক্ষেত্রেও ধূমপান বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আইভিএফসহ বিভিন্ন আধুনিক প্রজনন চিকিৎসা নিয়ে পরিচালিত ২১টি গবেষণার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ধূমপানের কারণে গর্ভধারণ এবং জীবিত সন্তান জন্মদানের হার কমে যায়। কিছু ক্ষেত্রে এসব চিকিৎসার সাফল্যের সম্ভাবনা প্রায় অর্ধেক পর্যন্ত কমে যেতে পারে।
তবে ধূমপান ছেড়ে দিলে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগে ধূমপান করতেন কিন্তু পরবর্তী সময়ে ছেড়ে দিয়েছেন, এমন নারীদের বন্ধ্যাত্বের ঝুঁকি নিয়মিত ধূমপায়ীদের তুলনায় ২৫ শতাংশ কম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাকমুক্ত উদ্যোগের মেডিকেল অফিসার ডা. কার্স্টিন শটে সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন এমন দম্পতিদের সামগ্রিক ও প্রজননস্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ত্যাগের আহ্বান জানিয়েছেন।
ডব্লিউএইচওর হিসাব অনুযায়ী, বিশ্বে প্রজননক্ষম বয়সের প্রতি ছয়জনের একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে বন্ধ্যাত্বের শিকার হন। নিয়মিত অরক্ষিত যৌন সম্পর্কের পরও ১২ মাস বা তার বেশি সময় গর্ভধারণে ব্যর্থ হলে তাকে বন্ধ্যাত্ব হিসেবে বিবেচনা করা হয়।
এ পরিস্থিতিতে নারী ও পুরুষ উভয়ের প্রজননক্ষমতা সুরক্ষায় চিকিৎসাসেবার অংশ হিসেবে ধূমপান ছাড়ার পরামর্শ এবং বিজ্ঞানভিত্তিক সহায়তা যুক্ত করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তথ্যসূত্র: গালফ নিউজ


