...|...|...

রাজধানী

ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৪ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২২
Shares
ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মা ও দেড় বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে দেড় বছরের শিশু আবদুর রহমান মারা যায়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মা সাবা (৩০) মারা যান। 

ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন ও অন্য পরিবারের ২ জন দগ্ধ হন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেড় বছর বয়সী আবদুর রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। পাশাপাশি তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ ভোরে তার মৃত্যু হয়।

দগ্ধ বাকি তিনজন হলেন- সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়ে গেছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।