ধর্ষণের তিনটি অভিযোগসহ একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত হয়েছেন ইংল্যান্ডের চতুর্থ বিভাগের ক্লাব বার্নেটের ফুটবলার ইসাইয়া নোয়েল-উইলিয়ামস। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়ন, শিশুর সাথে যৌন যোগাযোগ এবং নিয়ন্ত্রিত মাদক সরবরাহের অভিযোগ আনা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) হ্যাটফিল্ড ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে নোয়েল-উইলিয়ামসকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। হের্টফোর্ডশায়ার পুলিশ এক বিবৃতিতে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়টি নিশ্চিত করেছে।বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।
পুলিশের তথ্য অনুযায়ী, নোয়েল-উইলিয়ামসের বিরুদ্ধে ধর্ষণের তিনটি এবং অনুপ্রবেশমূলক যৌন নিপীড়নের একটি অভিযোগ রয়েছে। এ ছাড়া শিশুর সাথে যৌন যোগাযোগের একটি অভিযোগ এবং ‘ক্লাস বি’ শ্রেণির নিয়ন্ত্রিত মাদক সরবরাহের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় নিজেদের অবস্থান জানিয়েছে তার ক্লাব বার্নেট। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, পুলিশের তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি এখন আদালতের বিচারাধীন হওয়ায় এ নিয়ে আর কোনো মন্তব্য করবে না ক্লাব।
চলতি বছরের জুনে বার্নেটে যোগ দিয়েছিলেন নোয়েল-উইলিয়ামস। এর আগে হেমেল হেম্পস্টেড টাউন, কেটারিং টাউন, ম্যাটলক টাউন, হ্যারো বরো ও চেশান্টের হয়ে খেলেছেন তিনি।


