...|...|...

জাতীয়

ধর্ম যার যার, রাষ্ট্র সবার, দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৬ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৭
Shares
ধর্ম যার যার, রাষ্ট্র সবার, দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু সম্প্রদায়ের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শুভেচ্ছাবার্তায় তারেক রহমান বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।’

দুর্গাপূজার ধর্মীয় তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের মঙ্গল ও কল্যাণ সাধনে দেবী দুর্গার আগমন ঘটে মর্ত্যলোকে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব বিশেষ তাৎপর্য লাভ করেছে।

তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করেন। এসব আয়োজন দেশের দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বহুমাত্রিক সমাজের সৌন্দর্য তুলে ধরে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সব ধর্মের মৌলিক শিক্ষার প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও মানবকল্যাণের শিক্ষা ধর্মীয় মূল্যবোধের গুরুত্বপূর্ণ অংশ। তাই নিজের ধর্ম ও সংস্কৃতি চর্চার পাশাপাশি অন্যের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। এর মধ্য দিয়েই সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।

দেশের রাজনৈতিক পরিবর্তন ও পুনর্গঠনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের অবসানের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে দেশ পুনর্গঠনের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণকর, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির চর্চার মাধ্যমে দেশের বহুমাত্রিক সমাজ ও সাংস্কৃতিক ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন আনন্দ, উৎসাহ ও নিরাপত্তার সাথে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে প্রত্যাশাও জানান তিনি।