...|...|...

জাতীয়

মাথাপিছু ঋণ কমাতে যে পরিকল্পনা করছে সরকার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১৪ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৩০
Shares
মাথাপিছু ঋণ কমাতে যে পরিকল্পনা করছে সরকার

জনগণের ওপর মাথাপিছু ঋণের বোঝা কমাতে সরকার রাজস্ব আদায় বাড়ানো, সরকারি অর্থের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও শৃঙ্খলাবদ্ধ করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

রবিবার (৬ সেপ্টেম্বর) সংসদ সদস্য রেজা আহমেদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা।

অর্থমন্ত্রী জানান, কর ও কর-বহির্ভূত রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর পাশাপাশি সরকারের নিজস্ব আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সরকারের ঋণের প্রয়োজনীয়তা কমবে। একই সঙ্গে সরকারি ব্যয় সাশ্রয়ী ও কার্যকর করার পাশাপাশি অপ্রয়োজনীয় এবং কম অগ্রাধিকারপ্রাপ্ত ব্যয় নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে।

সরকারি ঋণের সুদের হার ও পুনর্বিত্তায়নের ঝুঁকি কমাতে বাজারভিত্তিক ও শৃঙ্খলাবদ্ধ ঋণ ব্যবস্থাপনার নীতি অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে সরকারি সিকিউরিটিজের বাজার আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করার পাশাপাশি অভ্যন্তরীণ ঋণবাজার সংস্কার ও বিনিয়োগকারীর পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সঞ্চয়পত্রের মাধ্যমে অতিরিক্ত ঋণ গ্রহণ নিয়ন্ত্রণে নির্ধারিত সীমা অনুসরণ করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। পাশাপাশি সঞ্চয়পত্রের সুদ বা মুনাফার হার বাজার পরিস্থিতি ও প্রচলিত সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে উচ্চ সুদের ঋণের ওপর নির্ভরতা কমানো, সরকারের সামগ্রিক সুদ ব্যয় নিয়ন্ত্রণে রাখা এবং আরও ভারসাম্যপূর্ণ ঋণ কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।

এ ছাড়া অতিরিক্ত ও অপরিকল্পিত ঋণ গ্রহণ এড়াতে বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা প্রণয়ন ও তা যথাযথভাবে অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।