মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, শেখ হাসিনা আপিল করতে পারবেন না- এ বিষয়টি আবুল কালাম আজাদের মামলার নজিরেই পরিষ্কার হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে শেখ হাসিনার আপিল দায়ের প্রসঙ্গে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইন সবার জন্য সমান উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন অত্যন্ত স্পষ্ট। নির্ধারিত সময় পার হওয়ার পর সুপ্রিম কোর্টে আপিল দায়েরের পরিণতি কী হতে পারে, তা আবুল কালাম আজাদের মামলায় আদালত দেখিয়েছেন। আইনে নির্ধারিত সময়ের পর আপিল দায়েরের সুযোগ নেই।
শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যও গণমাধ্যমে এসেছে। বিষয়টি আইন ও আন্তর্জাতিক সম্পর্কের সাথে সংশ্লিষ্ট। তাই এ নিয়ে বিভ্রান্তি বা ভিন্ন ব্যাখ্যার সুযোগ নেই বলে মনে করেন তিনি।
বিলম্বিত আপিলের বিষয়ে অতীতের একটি মামলার উদাহরণ দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি নির্ধারিত সময় পার হওয়ার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছিলেন। সেখানে তিনি ট্রাইব্যুনালের আদেশের কার্যকারিতা স্থগিত চেয়েছিলেন। আদালত ওই মামলায় বিলম্ব মওকুফের বিষয়টি বিবেচনা করলেও শেষ পর্যন্ত সংশ্লিষ্ট যুক্তি গ্রহণ করেননি।
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে কীভাবে ফিরতে হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি কীভাবে ফিরবেন, সে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তার নয়। তিনি আইনের বিষয়টি তুলে ধরতে পারেন। শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি চাইলে আইনের সামনে নিজেকে সোপর্দ করতে দেশে আসতে পারেন। তবে তাকে আইন মেনেই আসতে হবে।
এর আগে মঙ্গলবার শেখ হাসিনার আপিলের সুযোগ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন একটি বিশেষ আইন। এ ক্ষেত্রে সাধারণ আইনের বিধান প্রয়োগের সুযোগ নেই। ট্রাইব্যুনাল আইনে রায়ের বিরুদ্ধে আপিলের জন্য ৩০ দিনের সময় নির্ধারিত রয়েছে। এ সময় পার হলে আপিল গ্রহণযোগ্য হবে না বলে তিনি দাবি করেন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, লিমিটেশন অ্যাক্টের ২৯ ধারার ২ উপধারাতেও বিশেষ আইনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের নিজস্ব বিধান অনুসরণের কথা বলা হয়েছে। তার মতে, শেখ হাসিনার আপিল গ্রহণের সুযোগ নেই এবং ট্রাইব্যুনালের রায় কার্যকর করার ক্ষেত্রে অন্য কোনো বিকল্পও নেই।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর সম্ভাব্য পথ সম্পর্কে চিফ প্রসিকিউটর বলেন, তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করতে পারেন। ওই আবেদনে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানানোই হবে সঠিক পন্থা বলে মন্তব্য করেন তিনি।


