...|...|...

রাজনীতি

গোলাম পরওয়ার

দেশের সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব সাহিত্য-সংস্কৃতিকর্মীদেরই দিতে হবে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, রাত ৮:৩৬
Shares
দেশের সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব সাহিত্য-সংস্কৃতিকর্মীদেরই দিতে হবে

ছবি: সংগৃহীত

দেশের সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব ঢাকা মহানগরীর সাহিত্য-সংস্কৃতিকর্মীদেরই দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, ঢাকা শুধু প্রশাসনিক রাজধানী নয়, সাহিত্য ও সংস্কৃতিরও রাজধানী। তাই সারা দেশে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টির দায়িত্ব ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদের। শিরক, বিদআত ও অশ্লীলতার মোকাবিলায় মানুষের মাঝে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব এই মহানগরীর সাহিত্য-সংস্কৃতিকর্মীদের। দেশের সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব তাদেরই দিতে হবে।

গোলাম পরওয়ার বলেন, ইসলামি সংস্কৃতির মূল ভিত্তি ও প্রাণকেন্দ্র হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস। এটি কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং মানুষের জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচার-আচরণের সামগ্রিক রূপকার। আল্লাহ তাআলাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও নিয়ন্ত্রণকারী—এই বিশ্বাস ইসলামি সংস্কৃতির মূল চালিকাশক্তি। ভালোবাসা, ভয়, আশা এবং যাবতীয় উপাসনা ও বন্দেগি কেবল একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে, যা মানুষকে অন্য কোনো সৃষ্টি বা শক্তির দাসত্ব থেকে মুক্ত করে।

তিনি বলেন, নিছক আনন্দের জন্য নয়, বরং মানুষের কল্যাণে সাহিত্য ও সংস্কৃতি চর্চাই এই শাশ্বত দর্শনের মূল কথা।