...|...|...

জাতীয়

দেশের সব মুজিব কর্নারকে মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নারে রূপান্তরের দাবি সংসদে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৮ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:১৯
Shares
দেশের সব মুজিব কর্নারকে মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নারে রূপান্তরের দাবি সংসদে

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি মারদিয়া মমতাজ। ছবি: সংগৃহীত

দেশের সব সরকারি-বেসরকারি পাঠাগার ও প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ‘মুজিব কর্নার’ সংস্কার করে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’-এ রূপান্তরের প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নকালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে তিনি এই প্রস্তাব পেশ করেন। জবাবে প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী।

অধিবেশনে জামায়াত দলীয় এই সংসদ সদস্য বলেন, বিগত সরকারের আমলে সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে পাঠাগার ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘মুজিব কর্নার’ স্থাপন করা হয়েছিল। ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের পর এগুলো বর্তমানে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে।

এসব লাইব্রেরি ও কর্নারগুলোকে সংস্কার করে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতি সংবলিত ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’-এ রূপান্তরিত করার দাবি জানান তিনি।

সংসদ সদস্যের প্রস্তাবের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইতিবাচক সাড়া দিয়ে জানান, এমপি মারদিয়া মমতাজ যদি একটি সুনির্দিষ্ট রূপরেখা ও সংশ্লিষ্ট লাইব্রেরিগুলোর তালিকা জমা দেন, তবে কর্মকর্তাদের সাথে আলোচনা করে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।