রাতের অন্ধকারে কিংবা ভোররাতে বিচ্ছিন্নভাবে একটি-দুটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনাকে একত্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে দাবি করা যৌক্তিক নয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সংসদে ৩০০ বিধিতে পরে বক্তব্য দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিজনেস ফ্যাকাল্টির গাড়ির ছাদে রাতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটি বলা যায় না। একইভাবে ভোররাতে চালক ও হেলপারবিহীন পরিত্যক্ত একটি-দুটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে না।
তিনি বলেন, দু-একটি প্রতীকী ও বিচ্ছিন্ন ঘটনাকে একসাথে বিবেচনা করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ আখ্যা দেওয়া যৌক্তিক বলে মনে করেন না তিনি।
তবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য পতিত ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের ভেতরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ ক্ষেত্রে সীমান্তের ওপার থেকে কোনো ইন্ধন রয়েছে কি না, সেখানে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং দেশের অভ্যন্তরে কারা তাদের সহযোগিতা করছেন, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের ভেতরে কারা এসব কর্মকাণ্ডে জড়িত এবং কারা ইন্ধন দিচ্ছে, তা সরকার অনুসন্ধান করছে।
বিরোধীদলীয় নেতার বক্তব্যে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে এক সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য ফোন নম্বরটি এবং কী ধরনের বার্তা দেওয়া হয়েছে, তা জানালে সরকার বিষয়টি তদন্ত করে দেখবে।
দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে কিংবা সম্মিলিতভাবে কোনো ষড়যন্ত্র বা নীলনকশা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে সবাই অঙ্গীকারবদ্ধ।


