গণঅধিকার পরিষদের শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন দলটির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
পদত্যাগপত্রে অ্যাডভোকেট খবির হোসেন উল্লেখ করেন, একটি সুস্থ, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তিনি গণঅধিকার পরিষদে যুক্ত হয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠায় তিনি গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন, আদর্শিক রাজনীতির পরিবর্তে দলটিতে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও কায়েমি স্বার্থ হাসিলের প্রবণতা প্রাধান্য পাচ্ছে। যে নীতি ও আদর্শের ভিত্তিতে তিনি দলটিতে যোগ দিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেই পরিবেশ ও আদর্শ বজায় রেখে দলটির সাথে পথ চলা তার পক্ষে আর সম্ভব নয়।
অনৈতিকতা ও দুর্নীতির সাথে আপস করে রাজনীতি করা তার ব্যক্তিগত নৈতিকতার পরিপন্থী উল্লেখ করে তিনি গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্যপদ ও সব সাংগঠনিক দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি নেওয়ার কথা জানান।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২৫ অক্টোবর ২০২৬ থেকে গণঅধিকার পরিষদের সাথে তার সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্কের আনুষ্ঠানিক অবসান ঘটেছে। ভবিষ্যতে দলটির কোনো ধরনের কার্যক্রমের সাথে তার সম্পৃক্ততা থাকবে না বলেও জানান তিনি।
উল্লেখ্য, অ্যাডভোকেট খবির হোসেন এর আগে গণঅধিকার পরিষদ শরীয়তপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব এবং পরবর্তীতে গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বেও ছিলেন।


